গোপন বৈঠকে তিন রাষ্ট্রদূত—আওয়ামী লীগ কি ফিরছে রাজনৈতিক অঙ্গনে?
এর আগে চলতি বছরের ১১ মে সাবের হোসেন চৌধুরীর বাসায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনও গোপনে বৈঠক করেছিলেন।
আন্তঃবাণী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্তপ্ত রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকা গুলশানে সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসভবনে গোপন বৈঠক করেছেন নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের রাষ্ট্রদূতরা। সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টা ৫৫ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা এ বৈঠক চলে।
বিশ্বস্ত সূত্র জানায়, ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার একই গাড়িতে করে বৈঠকে যোগ দেন। নজর এড়াতে তারা ফ্ল্যাগবিহীন গাড়ি ব্যবহার করেন এবং বৈঠক শেষে বিকল্প পথে চলে যান। সচরাচর কূটনৈতিক বৈঠকে এমন গোপনীয়তা অনুসরণ করা হয় না।
বৈঠকে মূলত নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ, আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ এবং আন্তর্জাতিক সমর্থন ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানা গেছে। কূটনীতিকরা জানতে চান, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা করছে কি না এবং কীভাবে দলটি আবার রাজনৈতিক কার্যক্রমে ফিরতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট ও আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ। গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থায় রয়েছে। অনেক নেতা-কর্মী গ্রেপ্তার ও হয়রানির মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। সাবের হোসেন চৌধুরী নিজেও গত বছর গ্রেপ্তার হয়েছিলেন এবং জামিনে মুক্তি পাওয়ার পর এখনো রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছেন।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১১ মে সাবের হোসেন চৌধুরীর বাসায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনও গোপনে বৈঠক করেছিলেন। সেখানে দলটির সংস্কার ও রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
নর্ডিক দেশগুলো দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। জলবায়ু পরিবর্তন, মানবাধিকার ও টেকসই উন্নয়নে তাদের সম্পৃক্ততা রয়েছে। সাবেক পরিবেশমন্ত্রী হিসেবে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে তাদের পূর্বপরিচিতি ও ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলেও জানা গেছে।
এ বিষয়ে সাবের হোসেন চৌধুরীর বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
এবি/সিএস





