অবশেষে শাপলা কলিতেই রাজি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
এবার তারা তিনটি বিকল্প প্রতীক — শাপলা, সাদা শাপলা এবং শাপলা কলির মধ্যে ‘শাপলা কলি’কেই চূড়ান্তভাবে বেছে নিয়েছে।
আন্তঃবাণী প্রতিনিধি:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর অবশেষে দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা কলি’-তেই রাজি হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “আমরা ইতোমধ্যেই নির্বাচন কমিশনে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দের জন্য আবেদনপত্র জমা দিয়েছি। দলীয় সিদ্ধান্তেই এই প্রতীকের পক্ষে সবাই একমত হয়েছেন।”
বিকেল ৩টার দিকে সিইসির দপ্তরে প্রবেশ করে এনসিপি নতুন করে প্রতীকের জন্য আবেদন করে। এবার তারা তিনটি বিকল্প প্রতীক — শাপলা, সাদা শাপলা এবং শাপলা কলির মধ্যে ‘শাপলা কলি’কেই চূড়ান্তভাবে বেছে নিয়েছে।
বৈঠকে নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক খালে খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন ইসি সচিব আখতার আহমেদ।
উল্লেখ্য, এর আগে এনসিপির একাধিক নেতা প্রতীকের বিষয়ে বিভক্ত অবস্থানে ছিলেন। তবে সর্বশেষ বৈঠকের মাধ্যমে দলটি ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ‘শাপলা কলি’ প্রতীককে কেন্দ্র করে এনসিপি তাদের সংগঠন ও প্রচার কার্যক্রমে নতুন গতি পেতে পারে, যা আগামী নির্বাচনে দলটির অবস্থান স্পষ্ট করবে।
এবি/সিএস





