ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বললেই জীবন দিতে হতো: সালাহউদ্দিন আহমদ
ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললেই জীবন দিতে হতো বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ
আন্তঃবাণী প্রতিনিধিঃ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললেই জীবন দিতে হতো বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "আবরার ফাহাদের জীবন নেয়ার মাধ্যমে হুঁশিয়ারি দেয়া হয়েছিল, যাতে কেউ ভারতের বিরুদ্ধে কথা না বলে।
এখন তিনটি পরাশক্তি—এর মধ্যে দুটি আঞ্চলিক এবং একটি বৈশ্বিক—বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।" সরকারকে ‘লেজুড়বৃত্তির নেতৃত্ব’ আখ্যা দিয়ে তিনি বলেন, "এই নেতৃত্বের কারণেই পরাশক্তিগুলো রাজনৈতিক হেজিমনি চালাতে পারছে।" সভায় সালাহউদ্দিন আহ্বান জানান, রাজনীতিতে মেধা, সততা ও ভালো নেতৃত্ব দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
এ সময় ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, আবরার হত্যাকাণ্ডের পেছনে ছাত্রলীগের নেতৃত্বে থাকা একটি গুপ্ত সংগঠনের ভূমিকা ছিল এবং জামায়াতের শিশির মনির এখন হত্যাকারীদের রক্ষার চেষ্টা করছেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ভারতের সঙ্গে করা ‘অসম চুক্তি’ এবং ‘পানি আগ্রাসন’ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর ছাত্রলীগের সদস্যরা পিটিয়ে হত্যা করে।
এবি/এসবিডাব্লিউ





