এক ভিসায় ঘোরা যাবে ৬ আরব দেশ, জিসিসির ‘গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ চালু হচ্ছে চলতি বছরই
একমাত্র ভিসা নিয়েই এবার ভ্রমণ করা যাবে আরব বিশ্বের ছয়টি দেশ
আন্তঃবাণী ডেস্কঃ
একমাত্র ভিসা নিয়েই এবার ভ্রমণ করা যাবে আরব বিশ্বের ছয়টি দেশ। উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) চলতি বছরের শেষ প্রান্তিকে চালু করতে যাচ্ছে ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’।
প্রথম ধাপে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (UAE)। এই নতুন অভিন্ন পর্যটন ভিসা ব্যবস্থায় জিসিসিভুক্ত ছয়টি দেশ— সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান— একসঙ্গে ভ্রমণ করা যাবে, জানালেন ইউএই-এর অর্থ ও পর্যটনমন্ত্রী এবং আমিরাত পর্যটন কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লাহ বিন তৌক আল মারি।
তিনি বলেন, “এই ভিসা ইউরোপীয় ইউনিয়নের শেনজেন ভিসা ব্যবস্থার আদলে তৈরি করা হচ্ছে। এর লক্ষ্য শুধু ভ্রমণ সহজ করা নয়, বরং উপসাগরীয় অঞ্চলকে একটি একক, সমন্বিত পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরা।”
সংযুক্ত আরব আমিরাতের সরকারি বার্তা সংস্থা WAM-কে দেওয়া এক সাক্ষাৎকারে তৌক আল মারি জানান, পরীক্ষামূলক প্রয়োগ সফল হলে দ্বিতীয় ধাপে ভিসাটি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হবে। তবে চূড়ান্ত তারিখ এখনো নির্ধারিত হয়নি।
এর আগে গত ১৬ জুন খালিজ টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’-র আনুষ্ঠানিক অনুমোদন ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং খুব শিগগিরই এটি চালু হবে। তবে এখন পর্যন্ত জানা যায়নি, এই ভিসার মেয়াদ কতদিনের হবে কিংবা এর ফি কত নির্ধারণ করা হবে।
বিশ্লেষকদের মতে, এই অভিন্ন ভিসা চালু হলে জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে পর্যটন শিল্পে বিপুল অগ্রগতি, বৈদেশিক পর্যটকের সংখ্যা বৃদ্ধি, নতুন কর্মসংস্থান, এবং সামগ্রিকভাবে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। একইসঙ্গে, জিসিসি দেশগুলোর মোট দেশজ উৎপাদন (GDP) বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
এবি/এসবিডাব্লিউ





