ফ্লোটিলা মানবাধিকার কর্মীদের কারাবন্দির দাবি ইসরায়েলি মন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের উগ্র-ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে গ্রেফতার হওয়া মানবাধিকার কর্মীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো উচিত নয়। বরং তাদের কয়েক মাস ইসরায়েলের কারাগারে আটকে রাখা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। শুক্রবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বেন-গভির লেখেন, "আমি মনে করি, তাদের কয়েক মাস কারাগারে রাখা উচিত যাতে তারা 'সন্ত্রাসী শাখার গন্ধের' সঙ্গে অভ্যস্ত হয়ে যায়।" তিনি আরও বলেন, "এই কর্মীদের দেশে ফিরিয়ে দিলে তারা আবার ফিরে আসবে। তাই কঠোর পদক্ষেপ গ্রহণ করাই যুক্তিযুক্ত।" কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এর আগে বেন-গভিরকে গ্রেফতার হওয়া কর্মীদের তিরস্কার করতে দেখা গেছে। প্রতিবেদনে তিনি মানবাধিকার কর্মীদের ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করেন। ভিডিও ফুটেজে দেখা যায়, কর্মীরা ইসরায়েলের আশদোদ বন্দরে মাটিতে বসে আছেন। আটকদের মধ্যে প্রখ্যাত কয়েকজন: গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ, দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা ম্যান্ডেলা এবং যুক্তরাষ্ট্রের শ্রম অধিকারকর্মী ক্রিস স্মলস। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মূলত গাজা উপত্যকার ওপর ইসরায়েলি অবরোধ ভাঙতে আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের নিয়ে সমুদ্রপথে সংগঠিত একটি শান্তিপূর্ণ প্রচেষ্টা। তবে ইসরায়েল এটিকে “প্ররোচনামূলক ও নিরাপত্তার জন্য হুমকি” হিসেবে বিবেচনা করে। এই ঘটনায় আন্তর্জাতিক পরিসরে প্রতিক্রিয়া তৈরি হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এবি/এসবিডাব্লিউ





