ফ্লোটিলা আটক: ১৩৭ অধিকারকর্মীকে তুরস্কে ফেরত পাঠাল ইসরায়েল
গাজার উদ্দেশে যাত্রার সময় আটক হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩৭ জন অধিকারকর্মীকে তুরস্কে ফেরত পাঠিয়েছে ইসরায়েল
আন্তঃবাণী ডেস্কঃ
গাজার উদ্দেশে যাত্রার সময় আটক হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩৭ জন অধিকারকর্মীকে তুরস্কে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। শুক্রবার (৩ অক্টোবর) তাদের দেশে ফেরত পাঠানো হয় বলে নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিসিয়া ও তুরস্ক-সহ একাধিক দেশের নাগরিক রয়েছেন।
প্রায় ৪০টি নৌযানে করে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার অবরুদ্ধ জনগণের জন্য মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে রওনা দেয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন মানবাধিকারকর্মী ও কর্মী অংশ নেন।
গত বুধবার গাজার জলসীমায় পৌঁছার আগেই ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলাটিতে হস্তক্ষেপ করে। সে দিনই কয়েকটি নৌযান জব্দ করা হয় এবং আরোহীদের আটক করা হয়। পরদিন একটিকে বাদ দিয়ে বাকি সব নৌযান জব্দ করে ইসরায়েল।
শুক্রবার সর্বশেষ নৌযান ‘ম্যারিনেট’-ও আটক করে দেশটির বাহিনী। ইসরায়েলের এই পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক মহল কঠোর প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছে। আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয় বিভিন্ন মানবাধিকার সংস্থা ও কূটনৈতিক মহল থেকে।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজা বর্তমানে ইসরায়েলের কঠোর অবরোধ ও সামরিক অভিযানের মুখে রয়েছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের একটি বড় অংশ ‘ফ্লোটিলা মিশন’ পরিচালনা করে থাকে, যার লক্ষ্য গাজাবাসীর পাশে দাঁড়ানো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা।
সূত্রঃ হারেতজ
এবি/এসবিডাব্লিউ





