দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত রেকর্ডসংখ্যক

সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়—শুধু গত ২৪ ঘণ্টাতেই এখানে সাত জন প্রাণ হারান।

Oct 5, 2025 - 19:04
 0
দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত রেকর্ডসংখ্যক
সংগৃহীত

আন্তঃবাণী প্রতিনিধি: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টা থেকে রোববার (৫ অক্টোবর) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২১২ জনে।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু ও আক্রান্তের এই পরিসংখ্যান চলতি বছরের একদিনের মধ্যে সর্বোচ্চ। এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে সেবা নিয়েছেন ৪৯ হাজার ৯০৭ জন।

সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়—শুধু গত ২৪ ঘণ্টাতেই এখানে সাত জন প্রাণ হারান। এ ছাড়া উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন।

অন্যদিকে, নতুন রোগীর সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ (২০১ জন)। একই সময়ে উত্তর সিটি করপোরেশনে ভর্তি হয়েছেন ১৯৮ জন, বরিশালে ১৯৫ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ১২১ জন, চট্টগ্রামে ১০৪ জন, রাজশাহীতে ৮২ জন, খুলনায় ৭২ জন, ময়মনসিংহে ৪১ জন, রংপুরে ২৩ জন এবং সিলেটে পাঁচ জন।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সর্বাধিক মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়—১০২ জন। এরপর বরিশালে ৩২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন, চট্টগ্রামে ২৫ জন, রাজশাহীতে ১০ জন, ময়মনসিংহে সাত জন, খুলনায় পাঁচ জন এবং ঢাকা বিভাগে তিন জন মারা গেছেন।

এবি/সিএস