ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭১৫
এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২১৭ জনে। আর এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৪০৪ জনে।
আন্তঃবাণী প্রতিনিধি: দেশে ডেঙ্গুর প্রকোপ কমছে না। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার, ৭ অক্টোবর) এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১৫ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মারা যাওয়া দুজনের একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন ও অন্যজন দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২১৭ জনে। আর এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৪০৪ জনে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বাধিক বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩১ জন। এরপর রয়েছে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪১ জন, দক্ষিণ সিটিতে ১১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৭০ জন, খুলনায় ৪১ জন, ময়মনসিংহে ৩৪ জন, রাজশাহীতে ৩২ জন এবং রংপুর বিভাগে ১০ জন।
এক দিনে হাসপাতালে ভর্তি হওয়া ৭১৫ জন রোগীর বিপরীতে ৬৬৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়ার পর সুস্থ হয়েছেন মোট ৪৮ হাজার ৬৬৭ জন।
উল্লেখ্য, ২০২৪ সালে দেশে ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। তার আগের বছর ২০২৩ সালে রেকর্ড ১ হাজার ৭০৫ জন মারা যান এবং আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছিল ৩ লাখ ২১ হাজার।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্ষা শেষে এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি জনসচেতনতা ও ব্যক্তিগত উদ্যোগ জোরদার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
এবি/সিএস





