ওমরাহ পালনে নতুন কড়া নিয়ম চালু করলো সৌদি আরব
ওমরাহ পালনে ভিসা প্রক্রিয়া থেকে শুরু করে হোটেল, পরিবহন—সব কিছুতে কঠোর নিয়ম চালু করেছে সৌদি আরব।
আন্তর্জাতিক ডেস্ক: ওমরাহ পালনে ভিসা প্রক্রিয়া থেকে শুরু করে হোটেল, পরিবহন—সব কিছুতে কঠোর নিয়ম চালু করেছে সৌদি আরব। দেশটির সরকার বলছে, এসব নতুন বিধিনিষেধ বিদেশি মুসল্লিদের ভ্রমণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরাপদ ও সুশৃঙ্খল করবে। শুক্রবার প্রকাশিত খালিজ টাইমস প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সৌদি সরকারের নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে ওমরাহ পালনে আগ্রহীদের সরকারি প্ল্যাটফর্ম ‘নুসুক’ বা ‘মাসার’-এর মাধ্যমেই সব বুকিং ও আবেদন করতে হবে। পাশাপাশি মানতে হবে অন্তত ১০টি গুরুত্বপূর্ণ শর্ত। এগুলো না মানলে হজযাত্রীদের জরিমানাসহ নানা জটিলতার মুখে পড়তে হবে।
নতুন ১০টি নিয়ম:
১. হোটেল বুকিং বাধ্যতামূলক: ভিসা আবেদন করার সময়ই অনুমোদিত হোটেল মাসার বা নুসুক অ্যাপের মাধ্যমে বুক করতে হবে।
২. আত্মীয়ের বাসায় থাকলে সৌদি আইডি যুক্ত করতে হবে: যদি আত্মীয়ের বাসায় থাকেন, তবে হোস্টের ইউনিফায়েড সৌদি আইডি ভিসার সঙ্গে সংযুক্ত করতে হবে এবং সফরের সময়সূচি হালনাগাদ রাখতে হবে।
৩. পর্যটক ভিসায় ওমরাহ নিষিদ্ধ: পর্যটক ভিসায় ওমরাহ পালন করা যাবে না। কেউ চেষ্টা করলে তাকে থামিয়ে দেওয়া হবে। মদিনার রিয়াজুল জান্নাতেও প্রবেশ বন্ধ থাকবে।
৪. বাধ্যতামূলক ওমরাহ ভিসা: শুধুমাত্র ওমরাহ ভিসার মাধ্যমে ওমরাহ পালন করা যাবে। নুসুক প্ল্যাটফর্ম থেকে ই-ভিসা বা অনুমোদিত এজেন্টের মাধ্যমে প্যাকেজ বুক করতে হবে।
৫. সফরসূচি পরিবর্তনযোগ্য নয়: ভিসার সঙ্গে নির্ধারিত সফরসূচি জমা দিতে হবে যা পরবর্তীতে পরিবর্তন বা স্থগিত করা যাবে না। সময়সীমা অতিক্রম করলে জরিমানা হবে।
৬. নির্দিষ্ট দেশগুলোর জন্য শর্তসাপেক্ষে ভিসা অন অ্যারাইভাল: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা বা শেনজেন অঞ্চলের বৈধ ভিসাধারীরা একবার ঐসব দেশে ভ্রমণ করে থাকলে শর্তসাপেক্ষে সৌদি আরবে ভিসা অন অ্যারাইভাল পাবেন।
৭. বিমানবন্দরে বুকিং যাচাই: সৌদি আরবে পৌঁছানোর পর বিমানবন্দরে হোটেল ও পরিবহন বুকিং যাচাই করা হবে। বুকিং অনুপস্থিত থাকলে জরিমানা বা প্রবেশে বাধা দেওয়া হবে।
৮. অনুমোদিত পরিবহন ব্যবহারের বাধ্যবাধকতা: নুসুক অ্যাপে তালিকাভুক্ত পরিবহন ছাড়া অন্য কোনো বাহন ব্যবহার করা যাবে না। অনুমোদিত ট্যাক্সি, বাস বা ট্রেন ব্যবহার বাধ্যতামূলক।
৯. হারামাইন ট্রেন ব্যবহারে সময়সীমা: হারামাইন এক্সপ্রেস ট্রেন রাত ৯টার পর চলে না। এই সময়ের পর পৌঁছালে বিকল্প অনুমোদিত পরিবহন আগে থেকেই বুক করতে হবে।
১০. নিয়ম ভঙ্গ করলে বড় অঙ্কের জরিমানা: নিয়ম ভাঙলে হজযাত্রী বা সংশ্লিষ্ট এজেন্টকে বড় অঙ্কের জরিমানা গুণতে হবে।
সৌদি সরকার জানিয়েছে, এসব বিধি মানার মাধ্যমে মুসল্লিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা যাবে। একই সঙ্গে প্রতারণা ও বিশৃঙ্খলার ঝুঁকিও হ্রাস পাবে।
এবি/এসবিডাব্লিউ





