পাকিস্তানকে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু বাংলাদেশের
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রুবাইয়া হায়দারের অসাধারণ ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
স্পোর্টস ডেস্ক: নারী ওয়ানডে বিশ্বকাপে স্বপ্নের সূচনা করলো বাংলাদেশ নারী দল। কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। তারা জিতেছে ৭ উইকেট আর ১১৩ বল হাতে রেখে, যা তাদের জন্য এক প্রভাবশালী জয়।
ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশি বোলাররা। পাকিস্তানকে মাত্র ১২৯ রানে গুটিয়ে দেন স্বর্ণা আক্তার, মারুফা আক্তার ও নাহিদা আক্তাররা। এরপর সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রুবাইয়া হায়দারের অসাধারণ ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
ব্যাট হাতে শুরুটা ভালো না হলেও ম্যাচের নিয়ন্ত্রণ ছাড়েনি লাল-সবুজের মেয়েরা। দলীয় ৭ রানে ফারজানা হক (২) আউট হলে চাপ আসে, পরে শারমিন আক্তার ১০ রান করে ফেরেন। তবে রুবাইয়া হায়দার দায়িত্ব নেন। তিনি নিগার সুলতানা (২৩) ও সোবহানা মোস্তারির (২৪*) সঙ্গে জুটি গড়ে ম্যাচ বের করে আনেন। ৭৭ বলে ৮ চার হাঁকিয়ে অপরাজিত ৫৪ রানে দলের জয় নিশ্চিত করেন রুবাইয়া।
এর আগে টসে জিতে ব্যাটিং নেয় পাকিস্তান। কিন্তু প্রথম ওভারেই বাজিমাত করেন মারুফা আক্তার। তিনি টানা দুই বলে উমাইমা সোহেল ও সিদরা আমিনকে শূন্য রানে বোল্ড করে সাজঘরে ফেরান। এরপর নাহিদা আক্তার ও অন্যরা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে চাপে রাখেন।
শেষ পর্যন্ত ৩৮.৩ ওভারে পাকিস্তানের ইনিংস থামে ১২৯ রানে। বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার ৫ রানে ৩ উইকেট নেন। মারুফা ও নাহিদা আক্তার পান ২টি করে উইকেট।
এই জয়ে দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়েই টুর্নামেন্টে এগিয়ে গেল বাংলাদেশ নারী দল।
এবি/সিএস





