সাকিবের ঝোড়ো ইনিংসের পরও শিরোপার স্বপ্নভঙ্গ মন্ট্রিয়েলের

ফাইনালে বোলিংয়ের সুযোগই পাননি সাকিব—কারণ তার আগেই ম্যাচের পরিসমাপ্তি।

Oct 14, 2025 - 12:11
Oct 14, 2025 - 12:14
 0
সাকিবের ঝোড়ো ইনিংসের পরও শিরোপার স্বপ্নভঙ্গ মন্ট্রিয়েলের
সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ভ্যাঙ্কুভারের আকাশে ছিল রঙিন আবহ—কিন্তু সাকিব আল হাসানের মন যেন মেঘাচ্ছন্ন। কানাডা সুপার সিক্সটির ফাইনালে নিজের ঝোড়ো ইনিংস খেলেও শেষ রক্ষা করতে পারলেন না তিনি। ব্যাট হাতে আগুন ঝরালেও মন্ট্রিয়েল রয়্যাল টাইগার্সের শিরোপার স্বপ্ন গুঁড়িয়ে দিল ব্র্যাম্পটন ব্লিটজ।

টস হেরে আগে ব্যাট করতে নামে সাকিবের মন্ট্রিয়েল। শুরুতেই ধস—জশ ব্রাউন ফিরলেন শূন্য রানে, দিলপ্রিত বাজওয়া কিছুটা লড়াই করে ৮ বলে ১৮ রান তুললেও দলটি কখনোই ঘুরে দাঁড়াতে পারেনি। এক প্রান্তে ব্যাট হাতে লড়েছেন একমাত্র সাকিব। ১২ বলে ২ চার ও ৩ ছক্কায় ঝড়ো ২৯ রানের ইনিংস খেললেও দলীয় সংগ্রহ থেমে যায় মাত্র ৬৯ রানে।

ব্র্যাম্পটনের বোলাররা ছিলেন আগুনে মেজাজে। কানাডিয়ান পেসার ডিলন হেইলিগার নেন ৪ উইকেট, সঙ্গে ডেভিড ভিসা ও ক্রিস গ্রিভস ৩টি করে শিকার করেন। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে এক ওভারেই উইল স্মিথকে হারালেও গাপটিল ও জেমস ভিন্সের জুটি জয়কে সহজ করে তোলে।

ভিন্স ১৬ বলে ৩৪ রান করে আউট হন, আর গাপটিল ১৩ বলে অপরাজিত ২৩ রানে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। মাত্র ৫.৫ ওভারেই ২ উইকেট হারিয়ে ৭০ রানে পৌঁছে যায় ব্র্যাম্পটন ব্লিটজ, জিতে নেয় কাঙ্ক্ষিত শিরোপা।

ফাইনালে বোলিংয়ের সুযোগই পাননি সাকিব—কারণ তার আগেই ম্যাচের পরিসমাপ্তি। সেমিফাইনালে বল হাতে দলকে জেতানো এই তারকার জন্য তাই দিনটি রইল হতাশার। ঝোড়ো ব্যাটিংয়ে আলো ছড়ালেও শেষমেশ ম্লান হয়ে গেল ট্রফির স্বপ্ন।

এবি/সিএস