বিপিএলে আসছে নতুন চমক, যুক্ত হতে পারে নোয়াখালী দল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছে নতুন রঙ—প্রথমবারের মতো টুর্নামেন্টে যুক্ত হতে পারে নোয়াখালী।

Oct 11, 2025 - 20:20
 0
বিপিএলে আসছে নতুন চমক, যুক্ত হতে পারে নোয়াখালী দল
সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছে নতুন রঙ—প্রথমবারের মতো টুর্নামেন্টে যুক্ত হতে পারে নোয়াখালী। আগামী মৌসুম থেকে অন্তত পাঁচটি নতুন ফ্র্যাঞ্চাইজির মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড।

বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকানা অর্জনে আগ্রহী স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান, করপোরেট সংস্থা ও উদ্যোক্তাদের কাছ থেকে Expressions of Interest (EOI) আহ্বান করা হয়েছে। নির্বাচিত মালিকদের অধিকার দেওয়া হবে টানা পাঁচ মৌসুমের জন্য, অর্থাৎ বিপিএলের ১২তম (২০২৬) থেকে ১৬তম আসর পর্যন্ত।

বিসিবি মোট দশটি সম্ভাব্য অঞ্চলের নাম প্রকাশ করেছে—বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট। এদের মধ্যে অন্তত পাঁচটি অঞ্চলের মালিকানা অনুমোদিত হবে।

বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, আবেদনকারীদের মধ্যে ন্যূনতম পাঁচটি ফ্র্যাঞ্চাইজি বাছাই করা হবে। নির্বাচনের ক্ষেত্রে আর্থিক সক্ষমতা, সুনাম ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনাকে গুরুত্ব দেওয়া হবে।

নোয়াখালীর নাম তালিকায় আসায় ইতোমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে সমর্থকদের মধ্যে। দীর্ঘদিন ধরে ক্রিকেটপ্রেমী এই অঞ্চলের মানুষ বিপিএলে নিজেদের দল দেখার অপেক্ষায় ছিলেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, আগামী মৌসুমে বিপিএলের মাঠে দেখা যেতে পারে একেবারে নতুন এক মুখ—নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি দল।

এবি/সিএস