শাপলার বদলে থালাবাটি: ইসির প্রতীক সিদ্ধান্তে ক্ষুব্ধ এনসিপি
কমিশন তাদের জন্য উটপাখি, কাপ-পিরিচ কিংবা থালাবাটির মতো ‘হাস্যকর প্রতীক’ ঠিক করেছে।
আন্তঃবাণী প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিয়ে নির্বাচন কমিশনের আচরণকে ‘স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক’ আখ্যা দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, শাপলা প্রতীক বরাদ্দে কোনো আইনি বাধা না থাকলেও কমিশন তাদের জন্য উটপাখি, কাপ-পিরিচ কিংবা থালাবাটির মতো ‘হাস্যকর প্রতীক’ ঠিক করেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামটরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের জন্য যে প্রতীকগুলো রাখা হয়েছে, তা রাজনৈতিক দলের মর্যাদা ক্ষুণ্ন করে। শাপলা প্রতীক পেতে কোনো আইনি বাধা নেই। অথচ ইসি ইচ্ছাকৃতভাবে আপত্তি তুলছে।”
নাসীরুদ্দীন আরও অভিযোগ করেন, অন্য দলের প্রতীকগুলো জাতীয় প্রতীকের উপাদান থেকে নেওয়া হলেও শুধু এনসিপির ক্ষেত্রে জটিলতা তৈরি করা হচ্ছে। তিনি বলেন, “আমরা জনগণকে সঙ্গে নিয়ে সাংবিধানিক ও গণতান্ত্রিক পথে সংগ্রাম চালিয়ে যাব।”
এ সময় তিনি দাবি করেন, ‘জাতীয় লীগ’ নামে এক অচেনা দল নিবন্ধন পেতে যাচ্ছে, অথচ তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম দেখা যায়নি। “এসব কারণে ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে,” বলেন নাসীরুদ্দীন।
তিনি আওয়ামী লীগ আমলে নিবন্ধন পাওয়া দলগুলোর নিবন্ধন বাতিলেরও দাবি জানান।
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা প্রমুখ উপস্থিত ছিলেন।
এবি/সিএস





