পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতে নিল বাংলাদেশ
ঢাকার উত্তরায় স্কুলে বিমান দুর্ঘটনায় যখন জাতি শোকে নিমগ্ন, ঠিক তখনই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক বিস্ময়কর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল বাংলাদেশ।
স্পোর্টস ডেস্কঃ
এক অদ্ভুত শোকাবহ দিনে এক অনন্য আনন্দের গল্প লিখল বাংলাদেশ। ঢাকার উত্তরায় স্কুলে বিমান দুর্ঘটনায় যখন জাতি শোকে নিমগ্ন, ঠিক তখনই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক বিস্ময়কর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল বাংলাদেশ।
১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান যে বিপর্যয়ে পড়েছিল, সেটি ছিল যেন এক ক্রিকেটীয় ট্র্যাজেডি। ১৫ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। এরপর ৩০ রানে পড়ে যায় ষষ্ঠ উইকেট। মেহেদী হাসান, শরীফুল, রিশাদ, তানজিম—যেন সবাই মিলে আঁকড়ে ধরেন প্রতিটি মুহূর্ত।
তবুও হাল ছাড়েননি ফাহিম আশরাফ। ৩২ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংসে সঙ্গ দেন আব্বাস আফ্রিদি (১৯) ও আহমেদ দানিয়াল (১৭)। শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১৩ রান, বাংলাদেশের একটি উইকেট। প্রথম বলেই চার, পরের বলে ছক্কা মারতে গিয়ে দানিয়াল ক্যাচ তুলে দেন শামীম হোসেনের হাতে। ১২৫ রানেই অলআউট পাকিস্তান।
বাংলাদেশের পক্ষে জাকের আলীর ৫৫ ও মেহেদী হাসানের ৩৩ রান ছিল রানের ভিত্তি। শুরুতে ২৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া বাংলাদেশকে টেনে তোলে এই জুটি।
বাংলাদেশের এই জয়ে রচিত হলো নতুন ইতিহাস। শ্রীলঙ্কার পর এবার পাকিস্তান—দুই পরাশক্তির বিপক্ষে টানা সিরিজ জয়। আর এটি এলো এক গভীর দুঃখবোধের সময়েই, যেন খেলোয়াড়রা মাঠে নেমেছিলেন হারানো শিশুদের আত্মার শান্তির জন্য কিছু করতে। ম্যাচের আগে এক মিনিটের নীরবতা ছিল সেই শোকের প্রতীক।
সিরিজের শেষ ম্যাচ বৃহস্পতিবার, একই ভেন্যুতে। তবে তাতে সিরিজ ফল আর বদলাবে না। বদলাবে না এই গর্বের অনুভূতি, যেখানে ক্রিকেট হয়ে উঠেছে একজাতির ক্ষতে প্রলেপ রাখার নিরব ভাষা।
এবি/সিএস





