আফগানিস্তানকে চুনকাম করল বাংলাদেশ

এই জয়ের মাধ্যমে শুধু সিরিজ জেতাই নয়, আত্মবিশ্বাসও বাড়ল বাংলাদেশের।

Oct 6, 2025 - 00:49
Oct 6, 2025 - 01:06
 0
আফগানিস্তানকে চুনকাম করল বাংলাদেশ
ইএসপিএন

স্পোর্টস ডেস্ক: শারজাহর রাতটা রূপকথার মতোই হয়ে থাকল বাংলাদেশের জন্য। তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ৩–০ ব্যবধানে ধবলধোলাই করল জাকের আলীর নেতৃত্বাধীন দল। এ জয়ের মাধ্যমে ২০১৮ সালে দেরাদুনে আফগানদের কাছে পাওয়া হোয়াইটওয়াশের হিসেব চুকিয়ে দিল টাইগাররা।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারালেও বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলেছেন ঠাণ্ডা মাথায়। পারভেজ দ্রুত আউট হলেও তানজিদ (৩৩) আর সাইফ হাসানের ব্যাটে ভর করেই এগিয়ে যায় দল। বিশেষ করে সাইফ ছিলেন আগ্রাসী ভঙ্গিতে। তাঁর ব্যাট থেকে এসেছে ২ চার ও ৭ ছক্কায় অপরাজিত ৬৪ রানের ঝড়ো ইনিংস। শেষ দিকে নুরুল হাসানের ব্যাটে ছক্কা আসতেই ২ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত হয় লাল–সবুজের। ম্যাচসেরার পুরস্কার উঠেছে সাইফের হাতে। তবে সিরিজজুড়ে ধারাবাহিক বোলিংয়ে নজর কেড়ে নিয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, হয়েছেন সিরিজসেরা।

এর আগে টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৪৩ রান তুলেছিল আফগানিস্তান। রাসুলি (৩২) ও আতাল (২৮) ব্যাট হাতে কিছুটা লড়াই করলেও বাংলাদেশের বোলারদের শৃঙ্খলিত আক্রমণে নিয়মিত বিরতিতেই পড়েছে উইকেট। সাইফউদ্দিন ৩টি, নাসুম ও তানজিম ২টি করে উইকেট নেন।

এই জয়ের মাধ্যমে শুধু সিরিজ জেতাই নয়, আত্মবিশ্বাসও বাড়ল বাংলাদেশের। এবার সামনে ওয়ানডে চ্যালেঞ্জ—৮ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের সিরিজ, নেতৃত্বে থাকবেন মেহেদী হাসান মিরাজ।

এবি/সিএস