ভূমিকম্পে আতঙ্ক নয়, সচেতনতা জরুরি: করণীয় জানালো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স
ভূমিকম্পে আতঙ্ক না ছড়িয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
আন্তঃবাণী ডেস্কঃ
দেশে সম্প্রতি শক্তিশালী ভূমিকম্পসহ বেশ কয়েক দফা হালকা কম্পন অনুভূত হয়েছে। এমন পরিস্থিতিতে আতঙ্ক না ছড়িয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
রবিবার (২৩ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভূমিকম্প চলাকালে নিরাপদে থাকার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয় সংস্থাটি।
ফায়ার সার্ভিসের পাঠানো নির্দেশনায় বলা হয়, ভূকম্পন অনুভূত হলে প্রথমেই শান্ত ও স্থির থাকতে হবে। ভবনের নিচতলায় অবস্থান করলে দ্রুত বাইরে বেরিয়ে খোলা স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। আর বহুতল ভবনে অবস্থানকারীদের ‘ড্রপ–কভার–হোল্ড’ পদ্ধতি অনুসরণ করতে বলা হয়—অর্থাৎ নিচু হয়ে মজবুত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিয়ে শক্ত করে ধরে থাকতে হবে।
পাশাপাশি কলাম বা বিমের নিচেও নিরাপদ স্থানে অবস্থান করা যেতে পারে। মাথা সুরক্ষার জন্য বালিশ বা কুশন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। এছাড়া ভূমিকম্প চলাকালীন লিফট ব্যবহার না করার ওপর জোর দিয়ে বলা হয়, কম্পন থেমে গেলে দ্রুত বৈদ্যুতিক ও গ্যাস সংযোগ বন্ধ করতে হবে।
বারান্দা, জানালা, বুকশেলফ, আলমারি বা ঝুলন্ত ভারী বস্তু থেকে দূরে থাকা এবং টর্চ, হেলমেট, জরুরি ওষুধ ও বাঁশির মতো প্রয়োজনীয় সামগ্রী হাতের কাছে রাখার কথা জানায় ফায়ার সার্ভিস। ঘরের বাইরে থাকা অবস্থায় গাছপালা, উঁচু ভবন ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলা স্থানে দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়। গাড়িতে থাকলে ওভারব্রিজ, ফ্লাইওভার, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামিয়ে কম্পন থামা পর্যন্ত ভেতরে থাকার নির্দেশনা দেওয়া হয়।
ফায়ার সার্ভিস আরও জানায়, একটি বড় ভূমিকম্পের পর আবারও পরাঘাত বা আফটারশক হতে পারে। তাই ক্ষতিগ্রস্ত ভবন, ব্রিজ বা অন্যান্য অবকাঠামো থেকে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানানো হয়েছে।
সবার সম্মিলিত সচেতনতা ও প্রস্তুতিই বড় ক্ষয়ক্ষতি কমাতে পারে বলে উল্লেখ করে সংস্থাটি। জরুরি অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হটলাইন নম্বর ১০২-এ যোগাযোগ করার পরামর্শ দেয় কর্তৃপক্ষ।
এবি/এসবিডাব্লিউ





