মাদ্রাসায় গ্রামীণ ফোনের করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক
মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি অধ্যাপক মিঞা মো. নূরুল হক জানিয়েছেন, “সরকারি মালিকানাধীন টেলিটক থাকা সত্ত্বেও গ্রামীণ ফোনের সঙ্গে চুক্তি আগেই হয়ে গিয়েছিল। এজন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
আন্তঃবাণী নিউজ ডেস্ক :
বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগাযোগ ব্যবস্থাকে আরও সমন্বিত ও কার্যকর করতে গ্রামীণ ফোন লিমিটেডের করপোরেট মোবাইল নম্বর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে এমন সময়, যখন দেশের ৯ হাজার ৪৩৬টি মাদ্রাসার অর্ধেকের বেশি প্রতিষ্ঠান পূর্বে দেওয়া করপোরেট নম্বর নিয়মিত ব্যবহার করছিল না। মাদ্রাসা শিক্ষা অধিদফতর নতুন নির্দেশনায় এই করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক করেছে।
মাদ্রাসা শিক্ষা বোর্ড দেশের দাখিল, আলিম ও কামিল মাদ্রাসাসহ ৯ হাজার ৪৩৬টি এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বরধারী (EIIN) মাদ্রাসায় গ্রামীণ ফোন লিমিটেডের করপোরেট প্রি-পেইড মোবাইল নম্বর সরবরাহ করেছে। এসব নম্বরের উদ্দেশ্য ছিল শিক্ষা বোর্ডের সঙ্গে মাদ্রাসার সকল অফিসিয়াল যোগাযোগ সহজ করা, পরীক্ষার প্রশ্নপত্র প্রেরণ ও গ্রহণ, বোর্ডের OTP গ্রহণ এবং সরকারি অফিসগুলোর সঙ্গে যোগাযোগ নিশ্চিত করা।
তবে প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, এই ৯ হাজার ৪৩৬টি মাদ্রাসার মধ্যে ৫ হাজার ১১৫টি মাদ্রাসা এই নম্বর নিয়মিত ব্যবহার করছে না।
অফিস আদেশে আরও বলা হয়েছে, “দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে ৫ হাজার ১১৫টি মাদ্রাসা নিয়মিতভাবে এই মোবাইল নম্বরগুলো ব্যবহার করছে না। জরুরি সময়গুলোতে সমস্যা এড়াতে এই করপোরেট সিম ব্যবহার বাধ্যতামূলক।”
চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক জানিয়েছেন, “করপোরেট সিম ব্যবহারে সুবিধা বেশি এবং খরচ কম। বিভিন্ন অপারেটরের ব্যবহারে নেটওয়ার্ক সমস্যা দেখা দেয়। এজন্য করপোরেট সিম ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।”
গ্রামীণ ফোনের করপোরেট নম্বর ব্যবহার করলে মাদ্রাসার সাথে বোর্ডের দ্রুত এবং সঠিক যোগাযোগ স্থাপন সম্ভব হয়। এটি পরীক্ষার প্রশ্নপত্র প্রেরণ ও প্রাপ্তি, জরুরি নির্দেশনা প্রেরণ এবং অন্যান্য প্রশাসনিক কাজ দ্রুত সম্পন্ন করতে সাহায্য করে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি অধ্যাপক মিঞা মো. নূরুল হক জানিয়েছেন, “সরকারি মালিকানাধীন টেলিটক থাকা সত্ত্বেও গ্রামীণ ফোনের সঙ্গে চুক্তি আগেই হয়ে গিয়েছিল। এজন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
রেজিস্ট্রার অধ্যাপক ছালেহ আহমাদও অফিস আদেশে উল্লেখ করেছেন, “গ্রামীণ ফোনের সঙ্গে একটি চুক্তি করা হয়েছিল। সে কারণে এই নির্দেশনা কার্যকর করা হচ্ছে।”
এবি/এসএফ





