টাইগার বোলারদের দাপটে ১৯০ রানে অলআউট আফগানিস্তান
সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেও ব্যর্থ হয়েছেন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান।
স্পোর্টস ডেস্ক: আবুধাবিতে বাংলাদেশ–আফগানিস্তান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়েছে টাইগার বোলাররা। সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেও ব্যর্থ হয়েছেন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান। ৯৫ রানে মেহেদী হাসান মিরাজের বলে ডিপ মিডউইকেটে রিশাদ হোসেনের দুর্দান্ত ক্যাচে বিদায় নেন তিনি। ৪৪.৫ ওভারে ১৯০ রানে সব উইকেট হারায় আফগানিস্তান।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে আফগানরা। বাংলাদেশের দুই পেসার তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগান টপ অর্ডার ভেঙে দেন। তানজিম ফেরান ইনফর্ম ব্যাটার গুরবাজকে, এরপর নবম ওভারে তানভীর ইসলামের হাতে বল তুলে দিয়ে মিরাজ আনেন স্পিন, যা সঙ্গে সঙ্গেই ফল দেয়। তানভীর ফিরিয়ে দেন সেদিকউল্লাহ আতালকে।
মাঝে খানিকটা প্রতিরোধ গড়েন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। তবে রান নেওয়ার সময় ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয় রহমতকে। এরপর অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি ও ওমরজাইকে ফিরিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন মিরাজ ও রিশাদ। নবীকে তানজিমের বলে দারুণ ক্যাচে বিদায় দেন মিরাজ, তারপর রশিদ খানও বেশিক্ষণ টিকতে পারেননি—পয়েন্টে ক্যাচ তুলে দেন তানভীর ইসলামের হাতে।
শেষ দিকে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন গজনফর ও জাদরান। মোস্তাফিজের এক ওভার থেকে ১৬ রান তুলে ম্যাচে ফিরতে চেয়েছিলেন দুজন। কিন্তু রিশাদ–মিরাজের ঘূর্ণির জালে আবারও জড়িয়ে পড়েন তারা।
সবশেষে ৪৫তম ওভারে গজনফর লং-অনে সাইফ হাসানের হাতে ক্যাচ তুলে দিলে আফগান ইনিংস প্রায় গুটিয়ে যায়। নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার আগেই ৯ উইকেট হারিয়ে থেমে যায় আফগানিস্তানের সংগ্রাম।
বাংলাদেশের হয়ে মিরাজ নিয়েছেন ৩ উইকেট, রিশাদ ২টি, তানজিম ও তানভীর ১টি করে। নিয়ন্ত্রিত বোলিং ও তীক্ষ্ণ ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ একেবারেই ভিন্ন রূপে দেখা দিয়েছে—যা সিরিজে টিকে থাকার লড়াইয়ে তাদের নতুন আশা জোগাচ্ছে।
এবি/সিএস





