মেট্রোরেল স্টেশনে প্রবেশ করলেই দিতে হবে ১০০ টাকা!

কারওয়ান বাজার স্টেশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘এখন থেকে স্টেশনের ভেতরে গিয়ে ফ্রি এক্সিট নেওয়া যাবে না। গতকাল থেকে নিয়মটি কার্যকর হয়েছে।’

Oct 22, 2025 - 00:25
 0
মেট্রোরেল স্টেশনে প্রবেশ করলেই দিতে হবে ১০০ টাকা!

আন্তঃবাণী নিউজ ডেস্ক :

ঢাকা মেট্রোরেলের যাত্রী কার্ড স্ক্যান করে স্টেশনে প্রবেশের পর যদি ট্রেনে না চড়ে বেরিয়ে যান, তাহলেও দিতে হবে ১০০ টাকা ভাড়া। সোমবার (২০ অক্টোবর) থেকে নতুন এই নিয়ম কার্যকর করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এর আগে কোনো যাত্রী স্টেশনে প্রবেশের পর পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। তবে নতুন নিয়মে সে সুবিধা বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার মেট্রো স্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশন এলাকায় এই সংক্রান্ত নোটিশ টাঙানো হয়েছে।

নোটিশে লেখা রয়েছে, ‘সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি-এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে। আদেশক্রমে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।’

এই সম্পর্কে জানতে চাইলে কারওয়ান বাজার স্টেশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘এখন থেকে স্টেশনের ভেতরে গিয়ে ফ্রি এক্সিট নেওয়া যাবে না। গতকাল থেকে নিয়মটি কার্যকর হয়েছে।’

তবে এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ গণমাধ্যমকে জানান, তিনি এই নিয়ম সম্পর্কে জানেন না। তারা বর্তমানে মেট্রোরেলের নিরাপত্তার বিষয়টি বেশি গুরুত্ব দিচ্ছেন।

স্টেশনে ঢুকে মেট্রোরেলে না চড়লেও ১০০ টাকা কাটা নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা যায়।

এবি/এসএফ