এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার কমে ৫৮.৮৩ শতাংশ
গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে প্রায় ১৯ শতাংশ।
আন্তঃবাণী প্রতিবেদক: ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে প্রায় ১৯ শতাংশ।
২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ, আর ২০২৩ সালে ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন মোট ৩৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। সারা দেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারও ফল তৈরি হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে, তবে পূর্বের মতো আনুষ্ঠানিকতা ছাড়াই ফল প্রকাশ করা হয়েছে।
ফল জানার নিয়ম:
শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবেন। মোবাইল থেকে জানতে হলে মেসেজে লিখতে হবে—
HSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> 2025 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
(যেমন: HSC Dha 123456 2025)।
মাদরাসা শিক্ষার্থীদের জন্য:
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ফল জানা যাবে www.bmeb.gov.bd ওয়েবসাইটে বা এসএমএসে ALIM MAD <রোল নম্বর> 2025 লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে।
কারিগরি শিক্ষার্থীদের জন্য:
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফল দেখা যাবে www.bteb.gov.bd ওয়েবসাইটে ‘Result Corner’-এ গিয়ে প্রতিষ্ঠান কোড বা রোল নম্বর ব্যবহার করে। এছাড়া এসএমএসে লিখতে হবে HSC TEC <রোল নম্বর> 2025 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের সুযোগ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এবি/সিএস





