যুক্তরাষ্ট্রে শাটডাউনের জেরে শুরু হয়েছে সরকারি কর্মী ছাঁটাই, দায় নিয়ে দলে দলে পাল্টাপাল্টি অভিযোগ
যুক্তরাষ্ট্রে চলমান সরকারি অচলাবস্থা বা শাটডাউন-এর প্রেক্ষাপটে শুরু হয়েছে ব্যাপক সরকারি কর্মী ছাঁটাই।
আন্তঃবাণী ডেস্কঃ
যুক্তরাষ্ট্রে চলমান সরকারি অচলাবস্থা বা শাটডাউন-এর প্রেক্ষাপটে শুরু হয়েছে ব্যাপক সরকারি কর্মী ছাঁটাই। হোয়াইট হাউস জানিয়েছে, একযোগে ছাঁটাই চলছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফেডারেল সংস্থায়। তবে কতজন কর্মী চূড়ান্তভাবে চাকরি হারাচ্ছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো সংখ্যা জানানো হয়নি।
হোয়াইট হাউসের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ট্রেজারি বিভাগ, স্বাস্থ্য সংস্থা, অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ (IRS), শিক্ষা ও বাণিজ্য মন্ত্রণালয় এবং হোমল্যান্ড সিকিউরিটির সাইবার নিরাপত্তা ইউনিটে ছাঁটাই শুরু হয়েছে।
আদালতের জমা দেওয়া নথি অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত সাতটি ফেডারেল সংস্থায় ৪,২০০ জনের বেশি কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেজারি বিভাগ— যেখানে চাকরি হারিয়েছেন প্রায় ১,৪০০ জন।
স্বাস্থ্য ও মানবসেবা বিভাগে বরখাস্ত হয়েছেন আরও অন্তত ১,১০০ কর্মী। এই পরিস্থিতির জন্য ডোনাল্ড ট্রাম্প সরাসরি ডেমোক্র্যাটদের দায়ী করেছেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "এই ছাঁটাই আসলে ডেমোক্র্যাটদের নিজের সিদ্ধান্তের ফল। ওরাই এই পরিস্থিতি তৈরি করেছে।" ট্রাম্প প্রশাসনের দাবি, বাজেট পাসে সিনেটে ডেমোক্র্যাটদের সমর্থন না পাওয়ার কারণেই সরকার অচল হয়ে পড়েছে। যদিও কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তবুও স্বাস্থ্যবিমার ভর্তুকি বাড়ানোর দাবিতে ডেমোক্র্যাটরা বাজেট অনুমোদনে বিরোধিতা করছে।
ডেমোক্র্যাটদের যুক্তি, অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট (ওবামা কেয়ার) অনুযায়ী প্রায় ২ কোটি ৪০ লাখ মার্কিন নাগরিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন। ভর্তুকি নবায়ন না হলে তাদের চিকিৎসা ব্যয় হঠাৎ করেই বেড়ে যাবে, যা অনেকের জন্যই সহনীয় হবে না।
সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার অর্থই হলো— অধিকাংশ সরকারি দপ্তরে কার্যক্রম বন্ধ, বেতন বন্ধ এবং কর্মীদের ছাঁটাই।
এই শাটডাউন এখন টানা দশম দিনে পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, প্রশাসনিক এই অচলাবস্থা যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সাধারণ নাগরিকদের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।
এদিকে, ট্রাম্প এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, ‘ডেমোক্র্যাট-প্রভাবিত’ সংস্থাগুলো থেকে আগে ছাঁটাই করা হবে। একইসঙ্গে নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও ইলিনয় রাজ্যের ২৮ বিলিয়ন ডলারের অবকাঠামো তহবিল স্থগিত করেছেন তিনি— যা ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
সরকারি কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ায় সারা যুক্তরাষ্ট্রে ক্ষোভ বাড়ছে। দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে দোষারোপের পালা চললেও সমাধানের ইঙ্গিত এখনো স্পষ্ট নয়।
সূত্র: রয়টার্স





