নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগে ট্রাম্প আতঙ্কে নরওয়ে
ট্রাম্পের এই দাবিকে ঘিরেই এখন আতঙ্কে নরওয়ে, যেখানে নোবেল কমিটি স্বাধীনভাবে বিজয়ীর নাম ঘোষণা করে।
আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা হবে শুক্রবার (১০ অক্টোবর)। তবে ঘোষণার আগেই আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রকাশ্যেই তিনি দাবি করছেন, তারই নোবেল পাওয়া উচিত। ট্রাম্পের এই দাবিকে ঘিরেই এখন আতঙ্কে নরওয়ে, যেখানে নোবেল কমিটি স্বাধীনভাবে বিজয়ীর নাম ঘোষণা করে।
নরওয়ের স্যোশালিস্ট লেফট পার্টির বৈদেশিক নীতির মুখপাত্র সতর্ক করে বলেছেন, “ট্রাম্প যে কোনো কিছু করতে পারেন। তিনি যুক্তরাষ্ট্রকে উগ্রপন্থার দিকে ঠেলে দিচ্ছেন, বাক স্বাধীনতায় আঘাত করছেন, আদালত ও প্রতিষ্ঠানকে দমনের পথে হাঁটছেন। এমন একনায়কসুলভ আচরণ থেকে আমাদের যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে।”
এদিকে নোবেল কমিটির পরিচালক ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন জানিয়েছেন, বিজয়ীর নাম তারা ইতোমধ্যে নির্ধারণ করেছেন, যা হামাস-ইসরায়েল যুদ্ধ শেষ হওয়ার অনেক আগেই ঠিক হয়েছে। ফলে যুদ্ধবিরতি ট্রাম্পকে নোবেল এনে দেবে—এমন সম্ভাবনা একেবারেই নেই বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে ট্রাম্পের দাবি ভিন্ন। তিনি বলছেন, বিশ্বজুড়ে সাতটি যুদ্ধ বন্ধ করেছেন তিনি। পাকিস্তান, ইসরায়েল, আলজেরিয়াসহ কয়েকটি দেশ নোবেলের জন্য তাকে মনোনয়নও দিয়েছে। কিন্তু বিজয়ী ঘোষণার আগ মুহূর্তে ট্রাম্প যদি পুরস্কার না পান, তবে তার প্রতিক্রিয়া কী হবে, তা নিয়েই মূলত নরওয়ের উদ্বেগ।
এবি/সিএস





