দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, আরও উন্নতির আশাবাদ স্বরাষ্ট্র উপদেষ্টার
দেশে বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে এবং আগামীতে তা আরও উন্নতি করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আন্তঃবাণী প্রতিবেদকঃ
দেশে বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে এবং আগামীতে তা আরও উন্নতি করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শুক্রবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি দুর্গাপূজা চলাকালীন এক অসুর প্রতিমার মুখে দাড়ি সংযোজন নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "৭০০-এর বেশি ব্যক্তির বিরুদ্ধে এরইমধ্যে জিডি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। যারা এই অপকর্ম করেছে, তাদের খুব দ্রুত আইনের আওতায় আনা হবে।"
সাম্প্রতিক সময়ে উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ নিয়ে এনসিপি নেতা নাহিদের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি সংক্ষিপ্ত মন্তব্য করে বলেন, “আপনার প্রশ্ন আপনি করতে পারেন, যার যার প্রশ্ন সে করতে পারে।”
এরপর তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৌদ্ধ ধর্মের মূলনীতি হলো অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতি। এই নীতিগুলো সমাজে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বুদ্ধের শিক্ষা অনুসরণ করে সবাইকে ক্ষমাশীল, নির্মোহ এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বৌদ্ধ ধর্মের ‘পঞ্চশীল’ — বুদ্ধ নির্দেশিত পাঁচটি মৌলিক নীতি — মানবজীবনের জন্য উত্তম শিক্ষা এবং মানবতাবাদী ও সার্বজনীন অধিকারমূলক। এই গুণাবলির চর্চার মাধ্যমে সমাজ থেকে অন্যায়, দুর্নীতি ও অপরাধ দূর হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি জানান, আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত মাসব্যাপী কঠিন চীবর দান কর্ম শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
এবি/এবিডাব্লিউ





