বিদেশি শক্তির সহায়তায় নয়, জনগণের রায়েই ক্ষমতায় যেতে চায় জামায়াত: সেক্রেটারি জেনারেল

জামায়াত বিদেশি শক্তির সহায়তায় নয়, বরং জনগণের রায়ের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়

Oct 6, 2025 - 23:52
Oct 7, 2025 - 00:20
 0
বিদেশি শক্তির সহায়তায় নয়, জনগণের রায়েই ক্ষমতায় যেতে চায় জামায়াত: সেক্রেটারি জেনারেল

আন্তঃবাণী প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো বিদেশি শক্তির সহায়তায় নয়, বরং জনগণের রায়ের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীতে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এর আগে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস আকিঞ্জির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় এসব কথা বলেন গোলাম পরওয়ার।

তিনি বলেন, “জামায়াতের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে কূটনীতিকদের আগ্রহ বাড়ছে। তবে আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি— কোনো বিদেশি শক্তির হাত ধরে নয়, জনগণের ভোটেই আমরা ক্ষমতায় যেতে চাই।”

বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, “আমরা উপপররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি, দেশের সব রাজনৈতিক দল যদি নির্বাচন ও রাজনীতিতে মৌলিক সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছায়, তাহলে বাংলাদেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।”

তিনি আরও জানান, বৈঠকে জামায়াত আমির ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের জোরালো অবস্থানের প্রশংসা করেছেন। পাশাপাশি, রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সক্রিয় ভূমিকারও প্রশংসা করা হয়েছে। 

এবি/এসবিডাব্লিউ