৬ অক্টোবর গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন

তৃতীয় দফার সংলাপে অংশ নেবেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রায় ৪০ সাংবাদিক

Oct 4, 2025 - 20:03
Oct 4, 2025 - 20:31
 0
৬ অক্টোবর গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন

আন্তঃবাণী প্রতিবেদকঃ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৬ অক্টোবর (সোমবার) রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকদের সঙ্গে এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সভাপতিত্ব করবেন। এছাড়া চারজন নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের সিনিয়র সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

ইসি সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে, এবং দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক জানান, “প্রায় ৪০ জনের বেশি গণমাধ্যম ব্যক্তিত্ব এই সংলাপে অংশ নেবেন বলে আমরা আশা করছি।”

একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ধারাবাহিকভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছে। এরই অংশ হিসেবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইসি বলছে, রাজনৈতিক দল, বিশিষ্ট শিক্ষাবিদ, নাগরিক সমাজ, নারী নেত্রী, নির্বাচন বিশেষজ্ঞ, মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সংশ্লিষ্টদের মতামত নিয়েই নির্বাচনকে অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য করার লক্ষ্যে কাজ চলছে।

এর আগে ২৮ সেপ্টেম্বর থেকে ইসি অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করে। প্রথম দিনে ১৩ জন সুশীল সমাজের প্রতিনিধি ও ১৫ জন শিক্ষাবিদ অংশ নেন। তারা একটি নিরাপদ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন এবং বলেন, “সুষ্ঠু গণতন্ত্রের জন্য কার্যকর গণমাধ্যম অপরিহার্য। গণমাধ্যম যেন নির্বিঘ্নে সংবাদ সংগ্রহ করতে পারে, শুরু থেকে ফলাফল ঘোষণার শেষ পর্যন্ত তথ্যপ্রবাহ নিশ্চিত করতে হবে।”

এবি/এসবিডাব্লিউ