জামায়াত ২০০ আসনে নির্বাচনের প্রস্তুত, ১০০ আসন ছাড়ার সম্ভাবনা : মিয়া গোলাম পরওয়ার

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩০০ আসনে প্রার্থী প্রস্তুত করেছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

Oct 3, 2025 - 21:31
Oct 3, 2025 - 21:46
 0
জামায়াত ২০০ আসনে নির্বাচনের প্রস্তুত, ১০০ আসন ছাড়ার সম্ভাবনা : মিয়া গোলাম পরওয়ার
সংগৃহীত

আন্তঃবাণী প্রতিনিধি

খুলনা: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩০০ আসনে প্রার্থী প্রস্তুত করেছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তবে বাস্তবতা বিবেচনায় অন্তত ১০০ আসনে প্রার্থী না দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।  শুক্রবার (৩ অক্টোবর) সকালে খুলনার সোনাডাঙ্গায় আল ফারুক সোসাইটি মিলনায়তনে ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগর শাখা আয়োজিত সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, “৩০০ আসনে আমরা প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছি। তবে কিছু আসনে সমঝোতার ভিত্তিতে আমাদের সরে দাঁড়াতে হতে পারে। আমিরে জামায়াত একটি আইডিয়া দিয়েছেন— এমনও হতে পারে, প্রেক্ষাপটে প্রায় ১০০ আসন ছেড়ে দিতে হতে পারে। আমরা অন্তত ২০০ আসনে নির্বাচনে অংশ নেব।” তিনি আরও বলেন, “দ্বীনকে জাতীয় সংসদে পৌঁছানোর এটাই সবচেয়ে উপযুক্ত সময়। যারা এক সময় ছাত্র রাজনীতিতে ছিলেন, তাদের এখন আবার সক্রিয় হওয়ার সময় এসেছে। নির্বাচনী মাঠে প্রত্যেক কর্মীকে কাজ করতে হবে।” অনুষ্ঠানে তিনি খুলনার ছাত্রশিবিরের পুরোনো নেতাদের অবদানের কথা স্মরণ করে বলেন, “আমিনুল ইসলাম বিমান, মুন্সী আব্দুল হালিম, আমানুল্লাহ আমানসহ অনেকের ত্যাগ-স্মৃতি আমাদের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়।” অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, “যেখানে একসময় ছাত্রশিবিরের অস্তিত্ব ছিল না, সেই ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ আল্লাহ আমাদের জায়গা করে দিয়েছেন। এটি আমাদের জন্য বড় প্রাপ্তি।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, সাবেক ছাত্রনেতারা এবং ইসলামী ছাত্রশিবিরের বর্তমান নেতৃত্ব। মিয়া গোলাম পরওয়ার বলেন, “ক্ষমতা আল্লাহর দান। কে ক্ষমতায় যাবে, সেটা আল্লাহ ঠিক করবেন। তাই ক্ষমতা নিয়ে দম্ভ দেখানো ঠিক নয়।” তিনি প্রো-পোর্টনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ব্যবস্থা নিয়েও মত প্রকাশ করেন এবং বলেন, “বিশ্বের ৯১টি দেশে পিআর চালু রয়েছে। বাংলাদেশের জন্য কোনটি উপযোগী, তা নিয়ে খোলামেলা আলোচনা হওয়া উচিত।”

এবি/এসবিডাব্লিউ