লেবাননের নিরাপত্তা বাহিনীর জন্য যুক্তরাষ্ট্রের ২৫০ মিলিয়ন ডলার সহায়তা অনুমোদন
লেবাননের সশস্ত্র বাহিনী (এলএএফ) এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী (আইএসএফ)-কে সহায়তার জন্য প্রায় ২৫০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের সশস্ত্র বাহিনী (এলএএফ) এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী (আইএসএফ)-কে সহায়তার জন্য প্রায় ২৫০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। শুক্রবার (৩ অক্টোবর) এ তথ্য জানায় মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া। বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, চলতি অর্থবছরের শেষ সময়সীমা (৩০ সেপ্টেম্বর) ঘনিয়ে আসার আগে ১৯২ মিলিয়ন ডলার এলএএফকে এবং ৫৪ মিলিয়ন ডলার আইএসএফকে সরবরাহ করা হয়েছে। এই ২৪৬ মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজটি গত মাসে অনুমোদিত অতিরিক্ত ১৪.২ মিলিয়ন ডলারের একটি সহায়তার ধারাবাহিকতায় এসেছে। তবে বার্তা সংস্থা রয়টার্স ডেমোক্র্যাট কংগ্রেসীয় সহকারীদের উদ্ধৃতি দিয়ে জানায়, এলএএফের জন্য ১৯০ মিলিয়ন এবং আইএসএফের জন্য ৪০ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে, যা পূর্বের ঘোষণার চেয়ে কিছুটা ভিন্ন। এক কংগ্রেসীয় সহকারী রয়টার্সকে বলেন, “লেবাননের মতো ছোট একটি দেশের জন্য এই সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই সহায়তার পেছনে মূল উদ্দেশ্য হলো লেবাননের রাষ্ট্রীয় বাহিনীকে শক্তিশালী করে হিজবুল্লাহর প্রভাব হ্রাস করা এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় সরকারকে সহায়তা দেওয়া। এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে নিউইয়র্কে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার-এর সঙ্গে বৈঠক করেন। প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট আউন সারা দেশে রাষ্ট্রীয় কর্তৃত্ব বিস্তারে এলএএফের প্রতি আন্তর্জাতিক সমর্থন বৃদ্ধির আহ্বান জানান। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে লেবাননের নিরাপত্তা বাহিনীর অন্যতম প্রধান আন্তর্জাতিক পৃষ্ঠপোষক হিসেবে ভূমিকা রেখে আসছে।
এবি/এসবিডাব্লিউ





