সারা দেশে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস, উপকূলে সতর্ক সংকেত
দিনভর সারা দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আন্তঃবাণী ডেস্ক: আজ শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ (১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ)। দিনভর সারা দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আমবাগান ৩৩.৫° সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২৩.৪° সেলসিয়াস।
ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৯.১° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.০° সেলসিয়াস।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ভারতের উড়িষ্যা ও তৎসংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে। মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে যেতে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এসব এলাকায় ঘন্টায় ৪৫–৬০ কি.মি. বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত (ঢাকা)
সূর্যোদয়: সকাল ৫:৫০ মিনিটে
সূর্যাস্ত: সন্ধ্যা ৫:৪৪ মিনিটে।
এবি/সিএস





