নবাবগঞ্জে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের সংবাদ সম্মেলন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার একটি মাদরাসার অধ্যক্ষ ও স্থানীয় জামায়াত ইসলামীর নেতার বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থীর মা।
নিজস্ব প্রতিবেদক: নবাবগঞ্জ ঢাকার নবাবগঞ্জ উপজেলার একটি মাদরাসার অধ্যক্ষ ও স্থানীয় জামায়াত ইসলামীর নেতার বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থীর মা। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোসাম্মৎ শিল্পী জানান, তাঁর মেয়ে নবাবগঞ্জ আইডিয়াল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। গত ২৩ সেপ্টেম্বর মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আলী তাঁর মেয়েকে অফিস কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানির চেষ্টা করেন এবং এ ঘটনা কাউকে না জানাতে ছুরি দেখিয়ে হত্যার হুমকি দেন। তিনি আরও বলেন, "ভয়ে আমার মেয়ে বিষয়টি গোপন রেখেছিল। হঠাৎ ৩০ সেপ্টেম্বর মাদরাসা কর্তৃপক্ষ জানায়, আমার মেয়ে অজ্ঞান হয়ে গেছে। পরে হাসপাতালে নিয়ে আসার পর সে ধীরে ধীরে ঘটনা খুলে বলে। বর্তমানে সে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বারবার জ্ঞান হারাচ্ছে, মানসিকভাবে ভেঙে পড়েছে।" ভুক্তভোগী ছাত্রীর মা দাবি করেন, “আমি একজন সাধারণ কর্মজীবী মানুষ। আমার মেয়ের সঙ্গে এমন অমানবিক আচরণ যারা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অভিযুক্ত অধ্যক্ষ মোহাম্মদ আলীকে দ্রুত অপসারণ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি। পাশাপাশি মেয়ের নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও মানসিক সহায়তা নিশ্চিত করতে হবে।” অভিযোগের বিষয়ে নবাবগঞ্জ আইডিয়াল মাদরাসার অধ্যক্ষ ও জামায়াত ইসলামীর উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দাবি করেছেন, "এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে আমার ভাবমূর্তি নষ্ট করতে এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতে এমন ঘটনা সাজিয়েছে।" এদিকে, ঘটনার খবর পেয়ে বুধবার রাতে হাসপাতালে ভুক্তভোগী শিক্ষার্থীকে দেখতে যান ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমি নিজে হাসপাতালে গিয়ে ছাত্রীর অবস্থা জেনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে এলাকাবাসী ও বিভিন্ন মহল।
আন্ত/এসবিডাব্লিউ





