ধানের শীষের বাহিরে গিয়ে কেউ এজেন্ট দিতে পারবে না।
“কথা একটাই—আমরা ধানের শীষের বাইরের কেউ না। আমি ভাঙ্গুড়াবাসীর পক্ষ থেকে বলে যাচ্ছি, ধানের শীষের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে, আমরা ঘোষণা দিয়ে দিচ্ছি—কোনো কেন্দ্রে তারা কেউ এজেন্ট দিতে পারবে না। ধানের শীষের বাইরে কোনো লোক থাকবে না।”
আন্তঃবাণী প্রতিবেদকঃ
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় পাবনার চাটমোহরে বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের পক্ষে আয়োজিত গণমিছিল ও বালুচর খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-মুজাহিদ স্বপন।
সমাবেশে দেওয়া তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুরসহ পাবনা-৩ (চাটমোহর–ভাঙ্গুড়া–ফরিদপুর) এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
প্রসঙ্গত, পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। তাকে ‘বহিরাগত’ উল্লেখ করে বেশ কিছু স্থানীয় নেতাকর্মী দীর্ঘদিন ধরে স্থানীয় কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে আসছেন। মনোনয়ন না পাওয়ায় সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন।
এতে এলাকায় উত্তেজনা ও পাল্টাপাল্টি কর্মসূচির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে শনিবার চাটমোহর–ভাঙ্গুড়া–ফরিদপুর অঞ্চলের নেতাকর্মীদের নিয়ে গণমিছিল আয়োজন করেন বিএনপির মনোনীত প্রার্থী তুহিন। গণমিছিল শেষে বালুচর খেলার মাঠে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি ও অন্যান্য নেতা বক্তব্য রাখেন।
বক্তব্য দেওয়ার সময় নূর-মুজাহিদ স্বপন বলেন, “কথা একটাই—আমরা ধানের শীষের বাইরের কেউ না। আমি ভাঙ্গুড়াবাসীর পক্ষ থেকে বলে যাচ্ছি, ধানের শীষের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে, আমরা ঘোষণা দিয়ে দিচ্ছি—কোনো কেন্দ্রে তারা কেউ এজেন্ট দিতে পারবে না। ধানের শীষের বাইরে কোনো লোক থাকবে না।”
তার এই মন্তব্য ছড়িয়ে পড়ার পরই নেতাকর্মীদের একাংশের মধ্যে সমালোচনা শুরু হয়। বিতর্কের প্রেক্ষিতে স্বপন বলেন, “আমি বোঝাতে চেয়েছি, বিএনপির সিদ্ধান্তের বাইরে যদি কেউ নির্বাচন করে, তাদের উদ্দেশ্যেই কথাটি বলা হয়েছে। আমি সবসময়ই চেষ্টা করি বিএনপির সবাইকে একসঙ্গে রাখতে।”
এ বিষয়ে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার বলেন, “স্বপন এত কাঁচা রাজনীতিবিদ নয়। তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। সে অন্য অর্থে কথাটি বলেছে।”
এবি/এসবিডাব্লিউ





