‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই যোদ্ধাদের মারধর, আহত ১০

জানা গেছে, ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ধারী একদল দর্শক স্টেডিয়ামে সাকিব আল হাসানের নামে প্রদর্শিত কয়েকটি প্ল্যাকার্ডে আপত্তি জানিয়ে বাঁধা দেন।

Oct 30, 2025 - 10:11
 0
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই যোদ্ধাদের মারধর, আহত ১০

আন্তঃবাণী প্রতিনিধি: চট্টগ্রামের পাহাড়তলীর সাগরিকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচ চলাকালে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় সন্দেহভাজন ছয়জনকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে খেলার মাঝপথে, যখন স্টেডিয়ামের একাংশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ধারী একদল দর্শক স্টেডিয়ামে সাকিব আল হাসানের নামে প্রদর্শিত কয়েকটি প্ল্যাকার্ডে আপত্তি জানিয়ে বাঁধা দেন। প্রথমে অন্যপক্ষ প্ল্যাকার্ড নামিয়ে নিলেও কিছুক্ষণ পর আবার প্রদর্শন শুরু করে। তখন দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে হাতাহাতিতে রূপ নেয়।

জুলাইযোদ্ধাদের অভিযোগ, তারা দ্বিতীয়বার বাঁধা দিতে গেলে অন্যপক্ষ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে—মো. মেহেদী (২৭), সোলাইমান স্বপন (২৮) ও নুরুল হুদা (২৫)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে পাহাড়তলী থানার ডিউটি অফিসার এএসআই বেল্লাল হোসেন বলেন, “স্টেডিয়ামে হাতাহাতির ঘটনায় ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর স্টেডিয়াম এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এবি/সিএস