গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়ে গেছে আসবাব ও কাগজপত্র

স্থানীয়দের ধারণা, পূর্ব কোনো বিরোধ বা পরিকল্পিত নাশকতা থেকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে।

Nov 12, 2025 - 13:28
 0
গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়ে গেছে আসবাব ও কাগজপত্র

আন্তঃবাণী প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। এতে ব্যাংকের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে উপজেলার চান্দুরা এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায়।

ব্যাংকটির ব্রাঞ্চ ম্যানেজার মো. কলিম উদ্দিন জানান, রাত প্রায় ২টার দিকে বাইরে থেকে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন লাগায়। নাইটগার্ড বিষয়টি টের পেয়ে দ্রুত ব্যাংক কর্তৃপক্ষকে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হয়। তিনি আরও জানান, ঘটনায় থানায় লিখিত অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়দের ধারণা, পূর্ব কোনো বিরোধ বা পরিকল্পিত নাশকতা থেকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে।

এবি/সিএস