বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন সাবেক মন্ত্রীপুত্র মুবিন

বিকেলে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে দল পরিবর্তনের ঘোষণা দেন।

Oct 22, 2025 - 23:40
 0
বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন সাবেক মন্ত্রীপুত্র মুবিন

আন্তঃবাণী প্রতিনিধি: কিশোরগঞ্জের সাবেক মন্ত্রীপুত্র অ্যাডভোকেট ফয়জুল কবীর মুবিন বিএনপি ছেড়ে যোগ দিয়েছেন আওয়ামী লীগে। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এই আইনজীবী বুধবার (২২ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে দল পরিবর্তনের ঘোষণা দেন।

লাইভে তিনি বলেন, “শেখ হাসিনা যেহেতু বলেছেন, তিনি অবশ্যই দেশে ফিরবেন। বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে। শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয়, তিনি এই দেশের স্থিতিশীলতার প্রতীক। দেশ ও জনগণের স্বার্থে এখন ঐক্যের সময়।”

অ্যাডভোকেট মুবিন আরও বলেন, “আমি রাজনীতি করেছি দেশের জন্য, দলের জন্য নয়। এখন মনে করছি, দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন।”

রাজনৈতিক পরিবার থেকে আসা মুবিনের বাবা মরহুম ফজলুল করীম ছিলেন কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও তৎকালীন সরকারের মন্ত্রী (১৯৭৮–১৯৮২ মেয়াদ)।

দীর্ঘ রাজনৈতিক জীবনে ফয়জুল কবীর মুবিন কিশোরগঞ্জ জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক, পৌর বিএনপির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কিশোরগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে কথা বলতে মুবিনের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

এবি/সিএস