থানা নাকি বিএনপির কার্যালয়, বিভ্রান্ত পথচারীরা

দেয়াল, বিদ্যুতের খুঁটি আর গাছের ডালজুড়ে ঝুলছে বিএনপিসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের ব্যানার, পোস্টার ও ফেস্টুন।

Oct 10, 2025 - 10:17
 0
থানা নাকি বিএনপির কার্যালয়,  বিভ্রান্ত পথচারীরা
সংগৃহীত

আন্তঃবাণী প্রতিনিধি: কিশোরগঞ্জ শহরের ব্যস্ততম স্টেশন রোডের কালীবাড়ী মোড়ে অবস্থিত সদর মডেল থানা। কিন্তু থানা চিনতে গেলে বেশ কষ্ট করতে হয়। কারণ পুরো এলাকা যেন রূপ নিয়েছে রাজনৈতিক প্রচারমুখর কার্যালয়ে। দেয়াল, বিদ্যুতের খুঁটি আর গাছের ডালজুড়ে ঝুলছে বিএনপিসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের ব্যানার, পোস্টার ও ফেস্টুন। সাইনবোর্ডে চোখ না পড়লে যে কেউ সহজেই ধরে নিতে পারেন—এটি থানার চেয়ে বরং বিএনপির দপ্তর!

স্থানীয় সূত্র জানায়, গত ২০ সেপ্টেম্বর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের পর থেকেই এমন দৃশ্য তৈরি হয়েছে। সম্মেলনের পর স্টেডিয়াম এলাকায় ব্যবহৃত বেশিরভাগ প্ল্যাকার্ড-পোস্টার সরানো হলেও থানাসহ শহরের বহু জায়গায় এখনও রয়ে গেছে অসংখ্য ব্যানার ও ফেস্টুন। ফলে প্রতিদিনই সাধারণ মানুষকে পড়তে হচ্ছে বিভ্রান্তির মুখে।

এক বাসিন্দা জানান, আওয়ামী লীগ সরকারের সময়ও শহর সয়লাব হয়ে যেত পোস্টার-ব্যানারে। ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডও ঢেকে দিতো রাজনৈতিক প্রচারণা। তখন ভয়ে ব্যবসায়ীরা কিছু বলতে সাহস করতেন না। এখনো একই অবস্থা চলছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি বিএনপি নেতাদের সঙ্গে কথা বলেছেন।

এবি/সিএস