ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি অস্বীকার করল পররাষ্ট্র মন্ত্রণালয়

সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই তালিকা ‘সত্য নয়’।

Oct 21, 2025 - 18:55
 0
ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি অস্বীকার করল পররাষ্ট্র মন্ত্রণালয়

আন্তঃবাণী প্রতিনিধি: ভারতের সঙ্গে হওয়া ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল করা হয়েছে—যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এমন দাবি অস্বীকার করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই তালিকা ‘সত্য নয়’।

তিনি বলেন, ‘উপদেষ্টা আসিফ কমেন্ট না করলেও পারতেন। যে তালিকাটা সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে, তা সত্য নয়। শুধু একটি বিষয় ছাড়া বাকিগুলো পুরোপুরি ভিত্তিহীন।’

তৌহিদ হোসেন আরও জানান, ‘ফেনী নদীর চুক্তিটি এখনো বহাল রয়েছে। ২০২২ সালে স্বাক্ষরিত সেই সমঝোতা স্মারক এখনো কার্যকর।’

এর আগে গত রোববার (১৯ অক্টোবর) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক পোস্টে দাবি করেন, সাবেক হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া ১০টি চুক্তি বাতিল করা হয়েছে এবং কয়েকটি পুনর্বিবেচনাধীন রয়েছে। পোস্টটিতে তিনি বাতিল ও স্থগিত চুক্তির একটি তালিকাও প্রকাশ করেন।

আসিফ মাহমুদের প্রকাশিত তালিকায় ছিল—

ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ, অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ, আশুগঞ্জ-আগরতলা করিডোর, ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প, কুশিয়ারা নদী পানি বণ্টন প্রকল্প, বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন, ফারাক্কাবাদ প্রকল্পে আর্থিক সহযোগিতা, সিলেট-শিলচর সংযোগ, পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ এবং ভারতীয় অর্থনৈতিক অঞ্চল সংক্রান্ত চুক্তিগুলো।

এ ছাড়া তিনি উল্লেখ করেন—আদানি পাওয়ার বিদ্যুৎ আমদানি চুক্তি ও গঙ্গা পানি বণ্টন চুক্তি পুনর্বিবেচনাধীন রয়েছে এবং তিস্তা পানি বণ্টন ও জিআরএসই কোম্পানির সঙ্গে ট্যাগ বোট চুক্তি খসড়া বা বাতিল অবস্থায় আছে।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই তথ্যের কোনো সরকারি ভিত্তি নেই এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের বিদ্যমান চুক্তিগুলো আগের মতোই কার্যকর আছে

এবি/সিএস