বায়ুদূষণ কমানোর ক্ষেত্রে বিশ্বসেরা স্বীকৃতি পাওয়া রাজশাহী এখন দূষণে শীর্ষে
২০১৬ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকা রাজশাহীকে বায়ুদূষণ কমানোর ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে সফল শহর হিসেবে স্বীকৃতি দিয়েছিল।
আন্তঃবাণী প্রতিনিধি: একসময় বায়ুদূষণ কমানোর ক্ষেত্রে বিশ্বসেরা স্বীকৃতি পাওয়া রাজশাহী শহর এখন উল্টো চিত্র দেখাচ্ছে। সুইজারল্যান্ডভিত্তিক পরিবেশ পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (২০ অক্টোবর) সকালে দেশের আটটি বিভাগীয় শহরের মধ্যে সবচেয়ে খারাপ বায়ুমান রেকর্ড হয়েছে রাজশাহীতে— ১৬৭, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে।
তালিকায় খুলনা রয়েছে দ্বিতীয় স্থানে (১৫৭), রংপুরে ১৩৭, বরিশালে ১১৪, ময়মনসিংহে ১১৩, সিলেটে ৮২ এবং চট্টগ্রামে ৭৩। মানদণ্ড অনুযায়ী, স্কোর ১৫১ থেকে ২০০ হলে বাতাস ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়।
বৃক্ষনিধন, জলাশয় ভরাট, ইটভাটা ও বর্জ্য ব্যবস্থাপনার অব্যবস্থাপনা—এই তিনটি কারণকেই বিশেষজ্ঞরা দায়ী করছেন রাজশাহীর এই বিপর্যয়ের জন্য। একসময় যে শহরটি ছিল সবুজের প্রতীক, এখন সেখানে বাতাসে ক্ষতিকর ধূলিকণার আধিক্য মানুষের স্বাস্থ্যঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে তুলেছে।
২০১৬ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকা রাজশাহীকে বায়ুদূষণ কমানোর ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে সফল শহর হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তখন শহরের বাতাসে ১০ মাইক্রোমিটার আকারের ধূলিকণার ঘনত্ব ২০১৪ সালের ১৯৫ মাইক্রোগ্রাম থেকে কমে ৬৩.৯ মাইক্রোগ্রামে নেমেছিল— অর্থাৎ দুই-তৃতীয়াংশ হ্রাস। কিন্তু সময়ের সঙ্গে সেই অর্জন এখন হারিয়ে গেছে।
স্টামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) আগের গবেষণায় দেখা গিয়েছিল, দেশের আট বিভাগীয় শহরের মধ্যে সবচেয়ে কম দূষিত ছিল রাজশাহী। আর আজ সেই শহরই সবচেয়ে দূষিত।
বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের সবচেয়ে ক্ষতিকর উপাদান হলো পিএম ২.৫—অত্যন্ত সূক্ষ্ম ধূলিকণা যা মানুষের শ্বাসযন্ত্র ও রক্ত প্রবাহে প্রবেশ করে নানা জটিলতা সৃষ্টি করে। যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজ, ইটভাটা এবং কৃষিক্ষেত্রের ধুলাবালিই এর মূল উৎস।
আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, রাজশাহীর নাগরিকদের এখন মাস্ক ব্যবহার, জানালা বন্ধ রাখা এবং ঘরের বাইরে অনাবশ্যক অবস্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআইসি) প্রকাশিত এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স ২০২৫ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মানুষের গড় আয়ু বায়ুদূষণের কারণে গড়ে ৫.৫ বছর কমছে। এই প্রতিবেদনে বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ হিসেবেও উল্লেখ করা হয়।
রাজশাহীর একসময়ের নির্মল বাতাস আজ যেন স্মৃতিতে রয়ে গেছে— সবুজ নগরী এখন ধোঁয়াশার আবরণে ঢেকে পড়ছে দিন দিন।
এবি/সিএস





