শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন
আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর এ ঘটনা ঘটে।
আন্তঃবাণী প্রতিনিধি: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর এই আগুন লাগে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণে আমাদের একাধিক দল কাজ করছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আসছে।”
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, “কার্গো সেকশনের পাশে একটি অংশে আগুন লাগে। তবে ফ্লাইট ওঠানামা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বিমানবাহিনীর অগ্নিনির্বাপণ ইউনিটসহ সব সংস্থা একযোগে কাজ করছে।”
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিকেল আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো এলাকায় আগুনের সূত্রপাত হয়। “খবর পাওয়ার পর ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে,” বলেন তিনি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার সঙ্গে সঙ্গেই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ার ইউনিট ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমন্বিতভাবে আগুন নেভানোর কাজে অংশ নেয়। তারা আরও জানিয়েছে, “বিমানবন্দরের সব ফ্লাইট অপারেশন স্বাভাবিক রয়েছে। যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।”
আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এবি/সিএস





