শাপলা প্রতীক অন্তর্ভুক্তির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন: সিইসি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে ‘শাপলা’ প্রতীক চেয়েছে, তা বর্তমানে কমিশনের অনুমোদিত তালিকায় নেই—তাই দেওয়া সম্ভব হয়নি।

Oct 12, 2025 - 18:32
 0
শাপলা প্রতীক অন্তর্ভুক্তির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন: সিইসি
সংগৃহীত

আন্তঃবাণী প্রতিনিধি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কোনো রাজনৈতিক দল নিবন্ধন পেলে কমিশনের নির্ধারিত তালিকার মধ্য থেকে প্রতীক বেছে নিতে হয়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে ‘শাপলা’ প্রতীক চেয়েছে, তা বর্তমানে কমিশনের অনুমোদিত তালিকায় নেই—তাই দেওয়া সম্ভব হয়নি।

রোববার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

সিইসি আরও বলেন, “কমিশন চাইলে প্রতীকের সংখ্যা কমাতে বা বাড়াতে পারে। তবে শাপলা প্রতীক অন্তর্ভুক্তির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন।”

এর আগে সকালে চট্টগ্রামের সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তারা।

এনসিপি সম্প্রতি ঘোষণা দিয়েছে, শাপলা প্রতীক না পেলে তারা নির্বাচন কমিশনের নিবন্ধন গ্রহণ করবে না। দলটির চেয়ারম্যান হাসনাত বলেন, “শাপলা প্রতীক আমাদের আদর্শ ও আন্দোলনের প্রতীক। এটি না দিলে নিবন্ধনের প্রয়োজন নেই।”

এবি/সিএস