এনসিপির অনুষ্ঠানে বক্তব্য চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ক্ষিপ্ত সারজিস

কোনো প্রতিষ্ঠান যদি এই অঞ্চলে রাজনৈতিক পক্ষপাতিত্ব করে, তাদের এখানে থাকার সুযোগ হবে না।

Oct 12, 2025 - 02:01
 0
এনসিপির অনুষ্ঠানে বক্তব্য চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ক্ষিপ্ত সারজিস
সংগৃহীত

আন্তঃবাণী প্রতিনিধি: পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি বড় অনুষ্ঠানের সময় হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় ক্ষিপ্ত হয়ে বিতরণ কোম্পানি নেসকোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি জানিয়েছেন, আজকের পর থেকে কোনো প্রতিষ্ঠান যদি এই অঞ্চলে রাজনৈতিক পক্ষপাতিত্ব করে, তাদের এখানে থাকার সুযোগ হবে না।

শনিবার (১১ অক্টোবর) রাতে জেলা পঞ্চগড়ে চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে ১৬০ কিলোমিটার লংমার্চের সময় এসব মন্তব্য করেন সারজিস। তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত সেনা অফিসার ও জেনারেলদের বিচার কার্যকর না হলে বাংলাদেশ সেনাবাহিনী এবং রাষ্ট্রের সম্মান কলুষিত হবে। তিনি সেনাবাহিনীকে শ্রদ্ধার চোখে দেখলেও এ ধরনের অপরাধীদের বিচারের দাবি জানান।

সারজিস আলম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সমর্থন জানিয়েছেন এবং বলেন, “ডিসেম্বরে শেখ হাসিনার বিচার নিশ্চিত করা হবে। তার পেশাদারিত্বে আমাদের পূর্ণ আস্থা রয়েছে।”

এ সময় বিদ্যুৎ বিভ্রাটের কারণে তিনটি প্রোগ্রামে একই ঘটনা ঘটার অভিযোগ তুলে তিনি নেসকোকে খারাপ ভাষায় আক্রমণ করেন। নেসকোর মালিক ও তার বাবাকে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেন। তিনি নেসকোকে “দেউলিয়া” ও “রাজনৈতিক চাটুকার” হিসেবে আখ্যায়িত করেন এবং হুঁশিয়ারি দেন, আগামী দিনে কোনো পক্ষপাতমূলক আচরণ করলে প্রতিষ্ঠানটি পঞ্চগড়ে থাকবে না।

লংমার্চের প্রথম পথসভায় তেঁতুলিয়ার তেঁতুলতলায় চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সিন্ডিকেটকারী ও দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন সারজিস। তিনি জানান, জনগণের রক্তচোষা চাঁদাবাজ, সিন্ডিকেট, মাদকচক্র ও দুর্নীতিবাজদের আর কোনো ছাড় নেই।

লংমার্চে পঞ্চগড় জেলা এনসিপি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা পাঁচ শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে অংশ নেন।

 এবি/সিএস