রাজধানীতে মুফতি আমির হামজার ওপর হামলা
মুফতি আমির হামজা প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
আন্তঃবাণী প্রতিনিধি: রাজধানীর জুরাইনে রিকশাচালকের কাছে চাঁদা দাবির প্রতিবাদ করায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজার ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জুরাইন সেতু মার্কেটের সামনে এ হামলা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় কয়েকজন বখাটে রিকশাচালকের কাছে চাঁদা দাবি করে। রিকশাচালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাকে মারধর শুরু করে। এ দৃশ্য দেখে মুফতি আমির হামজা প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের প্রার্থী প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, “২৪ আগস্টের পর দেশে নব্য ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। এ ধরনের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড একটি ধারাবাহিক পরিকল্পনার অংশ। প্রশাসনকে দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।”
এ ঘটনায় মঙ্গলবার রাতেই শ্যামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র।
এবি/সিএস





