এনসিপির ২ নেতার টিভি মালিকানা নিয়ে বিস্ফোরক মন্তব্য নুরের

যে দুইজনের নামে হয়েছে, তাদের আমি ভালোভাবে চিনি। তারা তো টেলিভিশন না, নিজের ফ্যামিলি নিয়ে চলতে হিমশিম খাচ্ছে।

Oct 8, 2025 - 10:26
 0
এনসিপির ২ নেতার টিভি মালিকানা নিয়ে বিস্ফোরক মন্তব্য নুরের
সংগৃহীত

আন্তঃবাণী প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার নামে নতুন দুটি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স মঞ্জুর হওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, “শুনেছি এনসিপির নেতৃবৃন্দের নামে দুটি গণমাধ্যম অনুমোদন করা হয়েছে। যে দুইজনের নামে হয়েছে, তাদের আমি ভালোভাবে চিনি। তারা তো টেলিভিশন না, নিজের ফ্যামিলি নিয়ে চলতে হিমশিম খাচ্ছে।”

একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নুর বলেন, তিনি নিজেও একটি দলের প্রধান হলেও ৫ আগস্টের পর কোনো বিশেষ সুযোগ-সুবিধা পাননি। অথচ যারা একসময় ছোট পত্রিকায় চাকরি করতেন বা তেমন উল্লেখযোগ্য আয়ও করতেন না, তাদের নামে গণমাধ্যমের লাইসেন্স দেওয়া হয়েছে। নুর প্রশ্ন তুলেছেন, “কোথা থেকে কীভাবে কী দেওয়া হলো, আমি জানি না। তবে বিষয়টি আমাকে বিস্মিত করেছে।”

নুর আরো বলেন, সরকারের কর্মকাণ্ডে অস্বচ্ছতা ও পক্ষপাতমূলক আচরণ প্রকাশ পাচ্ছে। ওয়ান ইলেভেন সরকারের উদাহরণ টেনে তিনি বলেন, “সেই সময়ে দুর্নীতির বিরুদ্ধে যেভাবে কঠোর অবস্থান নেওয়া হয়েছিল, এই সরকারে তা দেখা যায়নি। বরং দেখা গেছে পুরনো ধাঁচের ভাগ-বাটোয়ারা, নিয়ন্ত্রণ, লোক বসানো আর প্রতিষ্ঠান দখল।”

তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর বহু গণমাধ্যম দখল হয়ে গেছে এবং সরকারের অংশীদাররা সুবিধা ভোগ করছেন। নুরের ভাষায়, “এই সরকার থেকে আমরা ভিন্ন কিছু প্রত্যাশা করেছিলাম, কিন্তু তারা পুরোনো স্টাইলেই এগোচ্ছে। এর দায় সরকারকেই নিতে হবে।”

এবি/সিএস