চট্টগ্রামে চলন্ত গাড়িতে গুলি, বিএনপি কর্মী নিহত
বিএনপির একটি সূত্র জানিয়েছে, কে বা কারা, কী কারণে তাকে গুলি করেছে—তাৎক্ষণিকভাবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
আন্তঃবাণী প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করা হলো মোহাম্মদ আবদুল হাকিমকে (৬৫)। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার হাটহাজারী এলাকার মদুনাঘাটে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তার প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আবদুল হাকিম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা। তিনি হামিম অ্যাগ্রো নামের একটি গরুর খামারের মালিক ছিলেন। স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও তার কোনো পদ-পদবি ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, কে বা কারা, কী কারণে তাকে গুলি করেছে—তাৎক্ষণিকভাবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে, বিস্তারিত এখনো জানা যায়নি।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এবি/সিএস





