জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশে ৪ হাজার এএসআই নিয়োগে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই–নিরস্ত্র) পদে বড় পরিসরে নিয়োগে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়

Oct 6, 2025 - 23:09
Oct 6, 2025 - 23:12
 0
জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশে ৪ হাজার এএসআই নিয়োগে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি

আন্তঃবাণী ডেস্কঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই–নিরস্ত্র) পদে বড় পরিসরে নিয়োগে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই পদে মোট ৪ হাজার জনবল নিয়োগে অনুমোদন দেওয়া হয়েছে, যা এর আগে কখনও একযোগে হয়নি।

 সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব কাজী লুতফুল হাসান স্বাক্ষরিত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হয়েছে। এতে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোর আওতায় বিভিন্ন ইউনিটে ৪ হাজার এএসআই (নিরস্ত্র) (গ্রেড-১৪) পদ অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনের বিষয়ে সম্মতি দেওয়া হয়। তবে চিঠিতে নিয়োগের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে।

উল্লেখযোগ্য শর্তগুলো হলো: অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ হতে যাচাইকৃত বেতনস্কেল অনুসরণ করতে হবে। প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে। ৪ হাজার কনস্টেবল পদ বিলুপ্তিকরণের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতিসহ যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। পদ সৃজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার অনুমোদন গ্রহণ করতে হবে।

সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, এই প্রথমবারের মতো একযোগে ৪ হাজার এএসআই পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২ হাজার পদে সরাসরি নিয়োগ এবং বাকি ২ হাজার পদে পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ কনস্টেবলদের পদোন্নতির মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা হবে।

এ নিয়োগের মাধ্যমে পুলিশের সক্ষমতা বাড়বে এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

এবি/এসবিডাব্লিউ