মুশফিকের ঐতিহাসিক শততম টেস্টের সাক্ষী হতে যাচ্ছে মিরপুর স্টেডিয়াম
দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটার।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এক অনন্য অধ্যায় রচনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটার। আগামী নভেম্বর মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে হবে সেই মহারণ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার ঘোষণা করেছে আয়ারল্যান্ডের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি। দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে আগামী ৬ নভেম্বর ঢাকায় নামবে আইরিশরা। সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, ১১ নভেম্বর থেকে। এরপর ১৯ নভেম্বর শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট, ভেন্যু মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। সব ঠিক থাকলে এই ম্যাচই হয়ে উঠবে মুশফিকের শততম টেস্ট।
৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যান এ পর্যন্ত খেলেছেন ৯৮টি টেস্ট। ব্যাট হাতে করেছেন ৬ হাজার ৩২৮ রান, যেখানে আছে ১২ সেঞ্চুরি ও ২৭টি হাফসেঞ্চুরি। গড়ে ৩৮.১০—যা তাকে দেশের টেস্ট ইতিহাসে সর্বাধিক রানসংগ্রাহকের তালিকায় শীর্ষে রেখেছে।
এবারই প্রথমবারের মতো বাংলাদেশ ও আয়ারল্যান্ড পূর্ণাঙ্গ টেস্ট সিরিজে মুখোমুখি হবে। এর আগে ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছিল দুই দল, যেখানে ৭ উইকেটে জয় পেয়েছিল স্বাগতিকরা।
টেস্ট সিরিজ শেষে চট্টগ্রামে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তাই নভেম্বরের এই সফর হয়ে উঠতে পারে এক বিশেষ স্মৃতির সাক্ষী। মুশফিকুর রহিমের শততম টেস্টের আনন্দে ভাসবে পুরো ক্রিকেটপ্রেমী জাতি।
এবি/সিএস





