সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল মামুন গাজী (৪০) নামের এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে।
আন্তঃবাণী প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল মামুন গাজী (৪০) নামের এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে একটি বাসায় কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
আল মামুন গাজী কেঁড়াগাছি ইউনিয়নের বাকশা তাঁতীপাড়া গ্রামের জাহার আলী গাজীর ছেলে। তিনি কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি আল মামুন শনিবার দুপুরে কাকডাঙ্গা গ্রামের মাওলানা আব্দুল খালেকের বাড়িতে লোহার গেট বসানোর কাজ করছিলেন। কাজের জন্য তিনি বাড়ির মূল বিদ্যুৎ লাইন থেকে সংযোগ নিয়ে ওয়েল্ডিং ও ড্রিল মেশিন চালাচ্ছিলেন। হঠাৎ ড্রিল মেশিনে বিদ্যুৎ চলে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। একই সঙ্গে গেটের একটি ভারী লোহার অংশ পড়ে তার শরীরের ওপর চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তার মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ফিরোজ আহমেদ আজাদী এক শোকবার্তায় আল মামুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
এবি/এসবিডাব্লিউ





