পঞ্চগড়ে হঠাৎ তাপমাত্রার পতন, বাড়ছে শীতের তীব্রতা
উত্তরের আকাশে কুয়াশার স্তর ঘন হওয়ার সঙ্গে সঙ্গে পঞ্চগড়ে বাড়ছে শীতের প্রকোপ। ভোর থেকে সকাল পর্যন্ত কনকনে ঠান্ডায় জমে উঠছে চারপাশ।
আন্তঃবাণী প্রতিবেদনঃ
উত্তরের আকাশে কুয়াশার স্তর ঘন হওয়ার সঙ্গে সঙ্গে পঞ্চগড়ে বাড়ছে শীতের প্রকোপ। ভোর থেকে সকাল পর্যন্ত কনকনে ঠান্ডায় জমে উঠছে চারপাশ।
রোববার (২৩ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। ঘন কুয়াশা না থাকায় দৃশ্যমানতা স্বাভাবিক থাকলেও হালকা কুয়াশা কাটতেই রোদ উঠেছে। তবে প্রচণ্ড আর্দ্রতা ও হিমেল বাতাস শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিচ্ছে।
শনিবার একই সময় তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী ও পঞ্চগড় সদরে ভোররাত থেকেই বইছে শীতল হাওয়া।
স্থানীয়দের মতে, হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা চোখে পড়ার মতো বেড়েছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকলেও রোববার তা আরও কমে গেছে।
আগামী সপ্তাহে তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার আশঙ্কা আছে। তিনি আরও বলেন, ডিসেম্বরের শুরুতেই উত্তরাঞ্চলে শীত পুরোপুরি জেঁকে বসবে।
এবি/এসবিডাব্লিউ





