৮ মাসে ৩৯০ কন্যাশিশু ধর্ষণের শিকার: শিশুদের প্রতি সহিংসতায় দেশের চিত্র ভয়াবহ

চলতি বছরের প্রথম আট মাসে সারা দেশে ৩৯০ জন কন্যাশিশু ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়েছে।

Oct 4, 2025 - 18:20
Oct 4, 2025 - 19:37
 0
৮ মাসে ৩৯০ কন্যাশিশু ধর্ষণের শিকার: শিশুদের প্রতি সহিংসতায় দেশের চিত্র ভয়াবহ

আন্তঃবাণী প্রতিবেদক

চলতি বছরের প্রথম আট মাসে সারা দেশে ৩৯০ জন কন্যাশিশু ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়েছে। একই সময়ে যৌন হয়রানি ও বিভিন্ন ধরণের নির্যাতনের শিকার হয়েছে আরও ৫৪ জন শিশু। পাশাপাশি, হতাশা, অবহেলা ও সহিংসতার কারণে আত্মহত্যা করেছে ১০৪টি শিশু।

 জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের পর্যবেক্ষণভিত্তিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। শনিবার (৪ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন উপস্থাপন করা হয়।

প্রতিবেদনের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে সহায়তা করেছে শিশুবিষয়ক উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশ। প্রতিবেদন অনুসারে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সময়ে ৩৪ জন শিশু অপহরণ ও পাচারের শিকার হয়। তাদের মধ্যে ১৮ জন কন্যাশিশুকে উদ্ধার করা সম্ভব হলেও বাকিদের কোনো হদিস মেলেনি।

এই সময়ের মধ্যে ৮৩ জন কন্যাশিশু খুন হয়েছে। আরও ৫০ জন কন্যাশিশুর মৃত্যু হয়েছে ‘রহস্যজনক’ পরিস্থিতিতে—যার প্রকৃত কারণ আজও অজানা।

সংবাদ সম্মেলনে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের ন্যাশনাল কো-অর্ডিনেটর সৈয়দা আহসানা জামান এ্যানি বলেন, “রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে অবশ্যই নারীবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। যাতে একজন নারী বা কন্যাশিশু যেকোনো সময়ে, কোনো ধরনের সহিংসতার ভয় ছাড়াই ঘর থেকে বের হতে পারেন এবং নিরাপদে চলাচল করতে পারেন।” তিনি আরও বলেন, কন্যাশিশুদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও গণপরিবহনসহ প্রতিটি সামাজিক স্থানে সুরক্ষা নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, “এই পরিসংখ্যান শুধু সংখ্যার বিবরণ নয়, এটি আমাদের সামাজিক ও নৈতিক ব্যর্থতার একটি জ্বলন্ত দলিল। শিশুদের নিরাপত্তা নিশ্চিত না করে কোনো উন্নয়নই টেকসই হতে পারে না।”

প্রতিবেদনটি দেশের শিশুদের প্রতি চলমান সহিংসতা, অবহেলা এবং নিরাপত্তাহীনতার এক করুণ চিত্র তুলে ধরেছে। বিশেষজ্ঞরা বলছেন, কেবল আইন করলেই হবে না—মানসিকতা ও সামাজিক আচরণে পরিবর্তন আনাই হবে স্থায়ী সমাধানের প্রথম ধাপ। 

এবি/এসবিডাব্লিউ