খাগড়াছড়ির অস্থিরতায় জড়িত থাকার অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ — ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে চলমান অস্থিরতার পেছনে ভারতের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে নয়াদিল্লি

Oct 3, 2025 - 22:26
Oct 3, 2025 - 22:52
 0
খাগড়াছড়ির অস্থিরতায় জড়িত থাকার অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ — ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
সংগৃহীত

আন্তঃবাণী প্রতিনিধি বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে চলমান অস্থিরতার পেছনে ভারতের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার (৩ অক্টোবর) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানান। সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছিলেন, খাগড়াছড়িতে অস্থিতিশীলতা তৈরির পেছনে ভারত বা কোনো ফ্যাসিস্ট গোষ্ঠীর ইন্ধন থাকতে পারে। এর জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আমরা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। বাংলাদেশ সরকারের এসব অভিযোগ নতুন নয়, তারা নিয়মিত অন্যের ওপর দোষ চাপিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে চায়।” তিনি পাল্টা অভিযোগ করে বলেন, “চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সংখ্যালঘুদের ওপর উগ্রবাদীরা হামলা চালাচ্ছে, তাদের জমি দখল করছে। ঢাকার উচিত এসব বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত করা।” খাগড়াছড়ির সাম্প্রতিক পরিস্থিতি: ২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি সদর উপজেলায় মারমা সম্প্রদায়ের এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে। পরদিন, ২৪ সেপ্টেম্বর, এ ঘটনায় পুলিশ সেনাবাহিনীর সহায়তায় ১৯ বছর বয়সী শয়ন শীলকে গ্রেফতার করে। এই ঘটনার পর থেকেই পার্বত্য এলাকায় উত্তেজনা ও বিক্ষোভ শুরু হয়। ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে ধারাবাহিকভাবে আধাবেলা সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এতে চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ২৭ সেপ্টেম্বর গুইমারায় ১৪৪ ধারা ভেঙে বিক্ষোভ চলাকালে সংঘর্ষ হয় এবং গুলিতে অন্তত তিনজন নিহত হন। ওই সময় দোকানপাটে লুটপাটের ঘটনাও ঘটে। তবে পরে ধর্ষণের অভিযোগটি নিয়ে বিতর্ক দেখা দেয়। মামলার ভিকটিম কিশোরীর স্বাস্থ্য পরীক্ষায় ‘ধর্ষণের আলামত মেলেনি’ বলে জানান মেডিকেল বোর্ডের প্রধান চিকিৎসক।

এবি/এসবিডাব্লিউ