ভাষাসৈনিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক আর নেই

ভাষাসৈনিক, কবি, প্রাবন্ধিক ও বিশিষ্ট রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক আর নেই

Oct 2, 2025 - 23:05
Oct 2, 2025 - 23:17
 0
ভাষাসৈনিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক আর নেই
সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ভাষাসৈনিক, কবি, প্রাবন্ধিক ও বিশিষ্ট রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। আহমদ রফিকের বিশেষ সহকারী মো. রাসেল এবং চালক মো. কালাম সাংবাদিকদের তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। বারডেম হাসপাতালের চিকিৎসকরা জানান, মৃত্যুর সাত মিনিট আগে তিনি কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন। গত বুধবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বারডেম হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. কানিজ ফাতেমার তত্ত্বাবধানে চলছিল তাঁর চিকিৎসা। কিডনি জটিলতার পাশাপাশি সম্প্রতি কয়েক দফা মৃদু স্ট্রোকে আক্রান্ত হন এই বর্ষীয়ান মনীষা। এর আগে ১১ সেপ্টেম্বর ল্যাবএইড হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে তিনি পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি হন। কিন্তু সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা না থাকায় গত রবিবার তাঁকে বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়। নিউ ইস্কাটনের গাউসনগরে একা বসবাস করতেন আহমদ রফিক। জন্মগ্রহণ করেন ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর, ব্রাহ্মণবাড়িয়ায়। ২০০৬ সালে তিনি স্ত্রীকে হারান। নিঃসন্তান এই মনীষী বাংলা ভাষা, সাহিত্য ও রবীন্দ্রচর্চায় রেখেছেন অবিস্মরণীয় অবদান। শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন তিনি। পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ দেশ-বিদেশের বহু সম্মাননা। দুই বাংলার রবীন্দ্র গবেষণায় তাঁর নাম অন্যতম; কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট থেকে তিনি পেয়েছেন ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি। জানা গেছে, মৃত্যুর আগে তিনি তাঁর মরদেহ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল মেডিক্যাল কলেজে দান করে গেছেন। বাংলা ভাষা ও সাহিত্যের অঙ্গনে আহমদ রফিকের শূন্যতা অপূরণীয় হয়ে থাকবে।

 এবি/এসবিডাব্লিউ