আফগানদের বিপক্ষে নতুন শুরুর প্রত্যাশায় জাকের
আফগানিস্তান সিরিজের আগে সুসংবাদও আছে। সাইফ হাসান রয়েছেন দুর্দান্ত ফর্মে, যাকে নিয়ে আশাবাদী অধিনায়ক জাকের।
স্পোস্টস ডেস্ক: এশিয়া কাপে শেষ মুহূর্তে ফাইনালের দৌড় থেকে ছিটকে পড়ার হতাশা পেছনে ফেলে নতুন করে মাঠে নামছে বাংলাদেশ দল। এবার প্রতিপক্ষ শক্তিশালী আফগানিস্তান, যেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন জাকের আলী। নতুন দায়িত্বে থেকেই তিনি চোখ রাখছেন একদম নতুন সূচনার দিকে।
আফগানিস্তানের স্পিন আক্রমণ বিশ্বের সেরাদের মধ্যে গণ্য করা হয়। রশিদ খান, নুর আহমেদ ও মোহাম্মদ গজনফরকে সামলানো সহজ কাজ নয় টাইগারদের জন্য। তবে জাকের আলী জানালেন, তাদের ফোকাস প্রতিপক্ষ নয়—বরং নিজেদের ঘাটতি পূরণে, বিশেষ করে ব্যাটিংয়ে।
জাকের বলেন, ‘মূল চ্যালেঞ্জ হলো নির্দিষ্ট দিনে ভালো খেলা। গত সিরিজে আমরা দল হিসেবে ভালো করতে পারিনি। তাই এবার মূল পরিকল্পনা হলো ব্যাটিং ইউনিট হিসেবে দায়িত্ব নেওয়া। এশিয়া কাপে আমরা সবচেয়ে বেশি ভুগেছি ব্যাটিংয়ে, তাই সেটাকেই প্রাধান্য দিচ্ছি।’
এশিয়া কাপে বাংলাদেশের টপ অর্ডারের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। চার ইনিংসে মাত্র ৪০ রান করতে পেরেছিলেন পারভেজ হোসেন ইমন, পেয়েছেন দুইটি ডাকও। তানজিদ হাসান তামিম পাঁচ ম্যাচে করেছেন মাত্র ৬৭ রান, গড় ছিল ১৩। এর ওপর অধিনায়ক লিটন দাস ছিলেন চোটের কারণে ভুগছিলেন।
তবে আফগানিস্তান সিরিজের আগে সুসংবাদও আছে। সাইফ হাসান রয়েছেন দুর্দান্ত ফর্মে, যাকে নিয়ে আশাবাদী অধিনায়ক জাকের। তিনি বলেন, ‘সাইফ খুব ভালো করছে। আশা করি সে এই সিরিজেও রান করবে। পাশাপাশি অন্য ব্যাটাররাও এগিয়ে এলে সিরিজ আমাদের পক্ষে যাবে।’
বাংলাদেশ-আফগানিস্তান মানেই সমান তালে লড়াই। তাই এবারও ভিন্ন কিছু হওয়ার সম্ভাবনা কম। এখন দেখার বিষয়, ব্যাটিং ব্যর্থতার কালিমা মুছে নতুনভাবে শুরু করতে পারে কি না টাইগাররা।
বাংলাফ্লো/সিএস





